লন্ডন, জুলাই ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- সবুজ পৃথিবী নির্মাণে ভক্তশ্রোতা ও বিভিন্ন দেশের সরকারকে উদ্বুদ্ধ করতে ডজন খানেক পপ তারকা শনিবার লাইভ আর্থ কনসার্টে সারা পৃথিবী মাতিয়ে তোলেন।
বিশ্বের নয়টি বড় শহরে একইসঙ্গে আয়োজিত এই কনসার্টের মূল বক্তব্য রেডিও, টেলিভিশন ও ইন্টারনেটের মাধ্যমে ২০০ কোটি শ্রোতার কাছে পৌঁছে গেছে বলে ধারণা করছেন আয়োজকরা।
সিডনির অসি স্টেডিয়াম প্রায় ৪০ হাজার শ্রোতায় পূর্ণ ছিল। টোকিওর মাকুহারি মেসে হলে ১০ হাজার মানুষ সমবেত হন। এছাড়া সাংহাইয়ের ওরিয়েন্টাল পার্ল টাওয়ার এবং জার্মানির হামবুর্গে কয়েক হাজার সঙ্গীতপ্রেমী কনসার্টে যোগ দেন।
ম্যাডোনা, রেড হট চিলি পেপার ব্যান্ড দলসহ বিভিন্ন তারকাদের নিয়ে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠানের সূচনা করে জেনেসিস। তারকা শিল্পিদের গান শোনার জন্য স্টেডিয়ামে প্রায় ৭০ হাজার শ্রোতা সমবেত হয়েছিলেন।
জাপানে গান গাইতে আসা আসা যুক্তরাষ্ট্রের গায়ক এক্সিবিট বলেন, "এটা এমন একটা বিষয় যা আমাদের কীর্তি হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আমাদেরকে ছাড়িয়ে যাবে। আমার সন্তান ও আগামী প্রজন্ম এই পৃথিবীকে যেন বাসযোগ্য স্থান হিসাবে পেতে পারে সে চেষ্টাই আমরা করছি।"
সাংহাই এ কনসার্টে অংশ নিতে আসা সঙ্গীত শিল্পী চেন বলেন, "এই কনসার্টের মাধ্যমে পরিবেশ সম্পর্কে জনগণকে সচেতন করে তোলার কাজটি খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। চীনের জনগণ বিষয়টি সম্পর্কে জানতে পারলে এর গুরুত্ব বুঝতে পারবে।"
লাইভ এইড ও লাইভ এইটের অনুকরণে আয়োজিত এই কনসার্টের আয়োজক যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং পরিবেশ আন্দোলনের নেতা আল গোর। বিভিন্ন দেশের জনগণ ও সরকারপ্রধানদের জলবায়ুর পরিবর্তন সম্বন্ধে সচেতন করতেই এই কনসার্ট আয়োজন করা হয়েছে।
কনসার্ট চলার সময় আল গোর হলোগ্রামের প্রতিচ্ছবির মাধ্যমে মঞ্চে ভেসে আসেন এবং পৃথিবীকে বাসযোগ্য করে তোলার কাজ শুরু জন্য সবার উদ্দেশে আহ্বান জানান।
আল গোর কনসার্টে জড়ো হওয়া মানুষের তাদের নিজ নিজ সরকারের ওপর ২০০৯ সালের মধ্যে একটি নতুন বৈশ্বিক উষ্ণতাজনিত দূষন কমানোর চুক্তিতে স্বাক্ষর করার জন্য চাপ প্রয়োগের আহ্বানও জানিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসএনডি/২২২৫ ঘ.
bdnews24