জুলাই ৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন 'লজ্জা' উপন্যাসের সিকুয়েল রচনায় ব্যস্ত। উপন্যাসটির নাম হবে 'শরম'। এ বছরের শেষ নাগাদ উপন্যাসটি প্রকাশিত হতে পারে। বিতর্কিত এই লেখিকার বিরুদ্ধে বাংলাদেশের চরমপন্থী মৌলবাদীরা ফতায়া জারি করেছে একাধিকবার। খবর ভারতীয় একটি ইংরেজি দৈনিক ও একাধিক সংবাদ সংস্থার।
কোলকাতায় বসবাসরত লেখিকা এক সাক্ষাৎকারে বলেন, " লজ্জার কাহিনী যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই এর সিকুয়েল 'শরম' এর কাহিনী শুরু। আমি নিশ্চিত, এই উপন্যাসটিও আগেরটির মতোই বিতর্ক সৃষ্টি করবে। কিন্তু আমি সেসব নিয়ে মাথা ঘামাই না। আমি চাচ্ছি দুর্গাপুজার আগে উপন্যাসটি শেষ করতে।"
ধারণা করা হচ্ছে আগামী পুজা উপলক্ষে কোলকাতা থেকে প্রকাশিত একটি সাময়ীকির শারদীয় সংখ্যায় উপন্যাসটি প্রকাশিত হবে।
তাসলিমা আরো জানান, "আমি আমার আত্মজীবনী রচনার কাজেও ব্যস্ত। এর সপ্তম অধ্যায়ে আছি এখন। এছাড়া পত্রপত্রিকার জন্য কলাম ও ছোটগল্প লিখে সময় কাটাচ্ছি।"
'লজ্জা' উপন্যাসে তসলিমা মৌলবাদীদের আক্রমণ করেন। এবং বইটি প্রকাশের পর ১৯৯৪ সালে নিজ দেশে ইসলামি ধর্মীয় গোষ্ঠীগুলোর রোষের মুখে পড়েন তিনি।
এরপর থেকে তসলিমা সুইডেন, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে নির্বাসিত জীবন কাটান। ২০০৫ সালে তিনি কোলকাতায় আসেন। এখন সেখানেই বসবাস করছেন।
ভারতে থাকার জন্য প্রতি ৬ মাস পরপর তার 'অনুমোদন' নবায়ন করতে হয়। গত ১৭ আগস্ট এই অনুমোদনের মেয়াদ শেষ হয়ে গেছে।
৪৫ বছর বয়স্ক এই লেখিকা বলেন, " আমি সময়সীমা বাড়ানোর জন্য ইতিমধ্যে আবেদন করেছি। যদি ভারতীয় সরকার আমাকে আর থাকার অনুমতি না দেয় তাহলে আমার যাওয়ার আর কোন জায়গা নেই। বাংলাদেশ সরকার আমাকে দেশে ঢুকতে দেবে না। আর ইউরোপে ফিরে যাওয়াও আমার পক্ষে সম্ভব না।"
তসলিমা বলেন, "খুবই স্বাভাবিক যে আমি আমার দেশ, আমার পরিবারকে খুবই মিস করছি। কিন্তু আমার কিছু করার নেই। আমাকে একবার সুযোগ দিলেই আমি বাংলাদেশে ছুটে যাবো। সেটা না হলে, ভারতই আমার জন্য সবচেয়ে ভালো এবং একমাত্র পছন্দের জায়গা।"
'ইসলামি শরীয়ার কোন প্রয়োজন নেই' এ ধরনের বক্তব্য দেয়ায় ব্লাসফেমির দায়ে বাংলাদেশ সরকারও তসলিমার বিরুদ্ধে আদালতে অভিযোগ আনেন।
তসলিমা বলেন, " এই উপমহাদেশের সর্বত্রই মেয়েদের অবস্থা কমবেশি একই রকম। ভারতে দুই তৃতীয়াংশ মহিলা গার্হস্থ্য সন্ত্রাসের শিকার। কণ্যাভ্র"ণবিনাশের হারও বিপদজনকভাবে বাড়ছে। কেবলমাত্র উচ্চবিত্ত পর্যায়ের শিক্ষিত মহিলারাই স্বাধীনতা উপভোগ করতে পারেন। নারী সমস্যার এটা কোন সমাধান নয়।"
ইসলামের সঙ্গে সন্ত্রাসবাদের সম্পর্ক প্রসঙ্গে তসলিমা বলেন, " স্বার্থান্বেষি কিছু মানুষ ইসলামের উপর এমন কালিমা লেপন করছে। ইসলামের সঙ্গে সন্ত্রাসের কোন সম্পর্ক নেই। এটা পশ্চিমা গনমাধ্যম, খৃস্টান মৌলবাদী গোষ্টী ও সরকারগুলোর প্রচারণা মাত্র।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৩১২ ঘ
bdnews24