জুন ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- অবৈধসন্তানের জনক হওয়ার অভিযোগে পাকিস্তান জাতীয় সংসদ নির্বাচনে ইমরান খানের অংশগ্রহন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইতিমধ্যে তার বিরুদ্ধে দুটি অভিযোগ উত্থাপন করে একটি রাজনৈতিক দল দাবি করছে যে এই সাবেক ক্রিকেটার সংসদ নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য। এর প্রেক্ষিতে সংসদের স্পিকার প্রধান নির্বাচন কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।
পাকিস্তান তেহরিক ই ইনসাফ দলের সভাপতি খানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) এবং পাকিস্তানের সংসদ বিষয়ক মন্ত্রী শের আফগান নিয়াজি।
পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার চৌধুরী আমির হোসেন বলেন, "সংবিধানের আলোকে আমি অভিযোগগুলো পরীক্ষা করে দেখেছি। চুড়ান্ত সিদ্ধান্ত জানাবেন প্রধান নির্বাচন কমিশনার। আমার বিচারে অভিযোগগুলি যথার্থ। আমি সততার সঙ্গে দায়িত্ব নিয়ে এই অভিযোগগুলি বিস্তারিতভাবে পর্যালোচনা করে সিদ্ধান্ত নিয়েছি।"
স্পিকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার সংসদ বর্জন করে বিরোধী দল।
সাংসদ মোহাম্মদ খান আচাকজাই বলেন, "এটা সংসদীয় পদ্ধতি নিয়ে একটা ছেলেখেলা হচ্ছে। করাচীতে ৫০ জন মানুষ খুন করার অপরাধে প্রশাসন বা অন্য কারো বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। ... আমরা বিরোধী দল এই সিদ্ধান্তের প্রতিবাদে সংসদ বর্জন করলাম।"
আরেক সাংসদ খাজা আসিফ বলেন, "এই সংসদে অনেক অবৈধ ও অসংবিধানিক কাজ হয়ে আসছে। কিন্তু এর আগে কোন অভিযোগ নির্বাচন কমিশনে পাঠানো হয়নি।" তিনি করাচীতে এমকিউএম দলের হত্যাকান্ডের প্রসঙ্গ টেনে বলেন, "এরকম বহু অভিযোগ স্পিকারের কাছে জমে আছে। সেগুলো কেন নির্বাচন কমিশনে পাঠানো হয়নি?"
ডক্টর শের আফগান নিয়াজী বলেন যে, সংবিধানের ৬২ ও ৬৩ অনুচ্ছেদ অনুযায়ী কেউ যদি অবৈধ সন্তানের জনক হয় তাহলে সে সাংসদ হওয়ার যোগ্যতা হারাবে। এর আগে খাজা আসিফের এক দাবির প্রেক্ষিতে ডক্টর নিয়াজি তাকে চ্যালেঞ্জ করে বলেন যে তার (নিয়াজির) অসচ্চরিত্রের কোন প্রমাণ পারলে আসিফ যেন উপস্থাপন করেন।
এমকিউএম তাদের অভিযোগে দাবি করে, লস এঞ্জেলস সুপিরিয়র কোর্ট ১৯৯৭ সালের ৩০ জুলাই আনা লুইস ওরফে সীতা হোয়াইটকে ইমরান খানের কন্যা বলে ঘোষণা দেয়। একই সঙ্গে ওই আদালত জানায় যে বিবাহসম্পর্ক ব্যাতিরেকেই এই কন্যাসন্তানের জন্ম হয়েছে।
ইতিমধ্যে ইমরান খান করাচীতে সন্ত্রাসী কর্মকান্ডে ইন্ধন যোগানোর অভিযোগ এনে এমকিউএম প্রধান আলতাফ হোসেনের বিরুদ্ধে মামলা করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/১৪৪১ ঘ
bdnews24