জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ভারতের বিশিষ্ট কবি ও গীতিকার গুলজার জাপানে গিয়েছিলেন ১২ দিনের সফরে। সেখানে তিনি ইরাক ও আফগানিস্তান নিয়ে তার বেশ কিছু কবিতা আবৃত্তি করেন। সেগুলি জাপানি ভাষায় অনুদিত করে শ্রোতাদের শোনানো হয়। খবর ইন্ডিয়াএফএমডটকমের।
গুলজার তার জাপানের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, "আমি টোকিও, ওসাকা ও হিরোশিমাতে গিয়েছি। বিশ্বের এই অংশে আমার এর আগে যাওয়া হয়নি। কিন্তু খুব ইচ্ছে ছিল। ফলে সাহিত্য অকাদেমীর কয়েকজন সদস্যের সঙ্গে সফরের সুযোগটা এলে তা লুফে নিলাম।"
"ওখানে আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঘুরেছি, বক্তব্য রেখেছি। তবে সবচেয়ে বেশি আলোড়িত হয়েছিল হিরোশিমার জাদুঘরে গিয়ে। সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষত এখনো জীবন্ত হয়ে আছে। এটা দেখে খুব মন খারাপ হয়েছে।"
"আমি সেখানে ইরাক আর আফগানিস্তান নিয়ে কবিতা আবৃত্তি করেছি। এই দুর্ভাগা দেশগুলি যেন হিরোশিমারই ভগ্নাংশ।"
গুলজার এখন পাকিস্তানি ছবি 'তেরে লিয়ে'র জন্য গান লিখছেন বলে জানান। ছবিটি পরিচালনা করেছেন ফারজান রফিক। সম্ভবত এই প্রথমবারের মতো কোন ভারতীয় গীতিকার পাকিস্তানের ছবির জন্য গান লিখছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/১৮১৮ ঘ
bdnews24