জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম) -- বৃটিশ গবেষকরা পরামর্শ দিয়েছেন, প্রতিদিনের গোসল শিশুদের ত্বকে বিরুপ প্রভাব ফেলতে পারে। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।
গবেষণাটির আয়োজন করেছে 'মাদার এন্ড বেবি' নামের একটি সাময়ীকি। গবেষকরা জানান, হামাগুড়ি দেয়া বা নিজেদের ময়লা করতে পারার আগ পর্যন্ত শিশুদের সপ্তাহে তিনদিনের বেশি গোসল করানো ঠিক নয়।
প্রতিদিন গোসল করালে শিশুরা নানা রকম ত্বকের রোগ, যেমন এক্সিমায়, আক্রান্ত হতে পারে বলে গবেষকরা জানান।
সাময়ীকির সম্পাদক এলেনা ডালরিম্পাল বলেন, "শিশুরা এমনিতেই অনেক পরিস্কার থাকে। আর বড়দের চাইতে শিশুদের চামড়া ৫গুণ পাতলা হয়। তাই তাদের সতর্কতার সাথে পরিচর্যা করা উচিত।"
তিনি আরো বলেন, "শিশুদের প্রতিদিন গোসল করানোরটা ভালো নয়। মাথা থেকে পা পর্যন্ত সপ্তাহে দুই বা তিনবার গোসল করানোই যথেষ্ট।"
শীতপ্রধান দেশের এই গবেষণা অন্যান্য দেশ সম্পর্কেও প্রযোজ্য কি না সে সম্পর্কে প্রতিবেদনে কিছু বলা হয় নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম/ওএস/এমআইআর/ ১৮১১ ঘ.
bdnews24