ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- জন্মনিবন্ধন কার্যক্রমকে এগিয়ে নিতে এবং বাল্যবিবাহ বন্ধে অঙ্গীকার করেছেন ১৮টি জেলার ১১ হাজার ৮৭৪ মানুষ। জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট (গ্যাড) অ্যালায়েন্সের তত্ত্বাবধায়নে একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছেন তারা।
সোমবার রাজধানীর লালমাটিয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট কার্যালয়ে গ্যাড আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গ্যাড এর সভাপতি তাহেরুন্নেসা আব্দুল্লাহ, সহ--সভাপতি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, সহ--সভাপতি মাহমুদা ইসলাম, সাধারণ সম্পাদক রঞ্জন কর্মকার এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ।
সুলতানা কামাল বলেন, বাল্যবিবাহ বন্ধ করতে চাইলে জন্ম নিবন্ধন কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে। স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে সব শ্রেণীর মানুষকে এ বিষয়ে দায়বদ্ধ করতে পারলে এ কার্যক্রম সফল করা সম্ভব।
সংবাদ সম্মেলনে বলা হয়, নারী পুরুষের সম--অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জন্ম ও বিবাহ নিবন্ধন বাড়ানো, বাল্যবিবাহ প্রতিরোধ, স্থানীয় শাসন কাঠামোয় নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং নারীর প্রতি সহিংসতা কমানোর লক্ষ্যে ১৮টি জেলার বিভিন্ন পর্যায়ের ১১ হাজার ৮৭৪ জনকে একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করিয়েছে জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট অ্যালায়েন্স।
স্বাক্ষরকারীদের মধ্যে সরকারি প্রশাসন ও স্থানীয় সরকারের কর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, কাজী--পুরোহিত--ধর্মযাজকরাও রয়েছেন।
ওই অঙ্গীকারনামায় বলা হয়, "নারীর অগ্রগতির পথে বাল্যবিবাহ একটি বড় অন্তরায়। এর প্রভাব যথেষ্ট সুদূরপ্রসারী। বাল্যবিবাহ শিশুদের, বিশেষ করে মেয়েশিশুদের বিকাশ ও উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে।
তাই আমরা অঙ্গীকার করছি আর বাল্যবিবাহ নয়।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/জেকে/এমএইচবি/২৩৪১ ঘ.
bdnews24