এফটিভির উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে ভারত সরকার
ফ্যাশন চ্যানেল এফটিভির উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে ভারত সরকার। গন নৈতিকতার জন্য ক্ষতিকর বিষয় প্রচারের অভিযোগে এই চ্যানেলটির সম্প্রচার দু মাসের জন্য স্থগিত করেছিল সরকার।
নির্ধারিত সময় ৩০ মে’র ৬ দিন আগেই উঠিয়ে নেয়া হলো এই নিষেধাজ্ঞা। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।
সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন, ভবিষ্যতে কেবল অ্যাক্ট/ রুলস ভঙ্গ করলে তখন শাস্তির সঙ্গে এই ৬ দিনও যোগ করা হবে।
এর আগে এফটিভি তাদের কৃতকর্মের জন্য ভারত সরকারের কাছে ক্ষমা চেয়ে ভবিষ্যতে আর এ ধরনের ভুল হবে না বলে জানায়। ফ্যাশন চ্যানেলটি আরো জানায় যে তারা একটি শক্তিশালী ভিজিলিন্সে কমিটি গঠন করেছে। এই কমিটি এফটিভিতে প্রদর্শিত কোন কিছু যেন কেবল টেলিভিশন নেটওয়ার্কস (রেগুলেশন) অ্যাক্ট, ১৯৯৫ এ অন্তর্ভূক্ত কোন প্রোগ্রাম কোড ভঙ্গ না করে সেটা লক্ষ্য রাখবে।
এফটিভি আরো বলেছে যে, এরপরও সরকার যদি তাদের কোন অনুষ্ঠান আপত্তিকর মনে করে সেটা জানানো মাত্রই তারা সরিয়ে ফেলবে।
‘মিডনাইট হট’ নামে মধ্যরাতে প্রচারিত এফটিভির একটি অনুষ্ঠান গন নৈতিকতা ও রুচির জন্য ক্ষতিকর বিবেচনায় গত ১ এপ্রিল থেকে এফটিভির দু মাসের প্রচারণার উপর নিষেধাজ্ঞা জারি করে ভারত সরকার।
