ছিল মুরগি, হয়ে গেল মোরগ
মানব সমাজে লিঙ্গান্তরের কাহিনী আমরা অনেক শুনেছি। এই বাংলাদেশেই অনেক পুরুষ হরমোনজনিত জটিলতায় নারীতে রুপান্তরিত হয়েছেন, একইভাবে অনেক নারী হয়ে গেছেন পুরুষ। কিন্তু কখনো কি শুনেছেন একটা গরু ষাড় হয়ে গেছে কিংবা একটা বানর হয়েছে বানরী।
এবার সেরকম ঘটনাই ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহারে। সেখানের একটি মুরগি যৌন রুপান্তর ঘটে হয়ে গেছে মোরগ। কুচবিহারের মেখলিগঞ্জ সাব ডিভিশনের কামাট- চেংরাবান্ধা গ্রামে কোন রকম কৃত্রিম পদ্ধতি প্রয়োগ ছাড়াই এই ঘটনা ঘটে। বুধবার রাজ্যটির পশুপালন বিভাগের পার্থ সারথি ঘোষ এ চমকপ্রদ তথ্যটি জানান। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।
খবরটি শুনে পশুপালন বিভাগের লোকজন দ্রুত ছুটে যান এলাকায়। পার্থ ঘোষ এটিকে “অতি অতি দুলর্ভ একটি ঘটনা” হিসেবে চিহ্নিত করে বলেন যে, পশ্চিমবঙ্গে এ ধরনের ঘটনা এটাই প্রথম এবং ভারতের মধ্যে দ্বিতীয়। কয়েক দশক আগে বিহারে এ ধরনের একটি ঘটনা ঘটে। তখন ওই ঘটনাটি আমেরিকার একটি জার্নালে প্রকাশিত হয়।
চেংরাবান্ধার মুরগিটির মালিক হাজিরুদ্দিন মোহাম্মদ এবং অন্যান্যরাও ঘটনাটিকে ‘ঐশ্বরিক যাদুর’ নিদর্শন হিসেবে দেখছেন।
হাজিরুদ্দীন দাবি করেন, তার মুরগিটি ছয় মাস আগেও ডিম পেড়েছে। যা থেকে কয়েকটা বাচ্চাও হয়েছে। তবে সম্প্রতি খুব ধীরে ধীরে তার মাথায় মোরগের ঝুটি তৈরি হতে দেখা যায়।
পশুপালন বিভাগের লোকেরা এই দুর্লভ মুরগিটি তাদের হাতে হস্তান্তরের জন্য হাজিরুদ্দীনের কাছে অনুরোধ করেছেন। কিন্তু তিনি সে অনুরোধ প্রত্যাখ্যান করেছেন। কারণ ইতিমধ্যেই তার বাসায় মুরুগিটি দেখতে আসা অনেকে সেটির উদ্দেশ্যে অর্থকড়ি নিবেদন করতে শুরু করেছে। ফলে হাজিরুদ্দীন একে এখন ‘সোনার ডিম পাড়া মোরগ’ হিসেবে দেখছেন।
পশুপালন বিভাগের লোকেরা অবশ্য মোরগটিকে তাদের পর্যবেক্ষনে রেখেছেন। তারা ইন্টারনেটে মার্কিন সাময়ীকিতে প্রকাশিত বিহারের ঘটনাটির হদিস বের করার চেষ্টা চালাচ্ছেন যাতে করে মোরগটিকে নিয়ে গবেষণার ব্যপারে একটা দিকনির্দেশনা পাওয়া যায়।
