মোবাইল নিয়ে যন্ত্রণায় আছেন বলিউড তারকারাও
খ্যাতির বিড়ম্বনা বলে একটা কথা আছে। সেটা তারকারা হরহামেশাই টের পান। সম্প্রতি বলিউড তারকারা এর জের টানছেন মোবাইল ফোনে।
তাদের ফোনে অপরিচিত নাম্বার থেকে ফোন আর মেসেজ আসছে। সেসব মেসেজে আর ফোনে নানারকম বাজে কথাবার্তাই থাকে বেশি। গত ৫ মাসে বিভিন্ন তারকার কাছে এ ধরনের ফোন বা মেসেজ এসেছে কমপক্ষে ৬৪টি। ক্যাটরিনা কাইফ, রাখী সাবন্ত, কোয়েনা মিত্রসহ অনেককেই সইতে হচ্ছে এই যন্ত্রণা। মুম্বাই ভিত্তিক একটি ওয়েবসাইট জানিয়েছে এ খবর।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এ ধরনের বাজে কল এর পরিমান বেড়েই চলেছে। মালাদ, গুরগাও, জুহু, বান্দ্রাসহ বিভিন্ন থানায় এরকম কল সংক্রান্ত অনেক অভিযোগ গ্রহণ করা হয়েছে।
পুলিশের অতিরিক্ত কমিশনার বিপিন বিহারী বলেন, “এসব কল হয়তো ভীতিকর নয়, কিন্তু এসব ফোন মানুষকে বিপর্যস্ত করে।”
এ ধরনের ফোনের ক্ষেত্রে পুলিশ সাধারণত পরামর্শ দেয়, এগুলিকে সিরিয়াসলি না নিতে। প্রয়োজনে মোবাইল নাম্বার বদলে ফেলারও পরামর্শ দেয় তারা। কিন্তু তারপরও যদি এ অত্যাচার বন্ধ না হয় তখন পুলিশ অপরাধীদের ধরার জন্য তৎপর হয়।
এ ধরনের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ইতিমধ্যে অজয় বাসন্তী গিরি নামে একজনকে গ্রেফতার করেছে। গিরি অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে ফোন করে বিরক্ত করত এবং কাইফের বয়ফ্রেন্ড সালমান খানকেও অপমানজনক কথা বলত।
কোয়েনা মিত্র, রাখী সাবন্ত, সেলিনা জেটলিকে একইভাবে ফোনে বাজে কথা বলে বিরক্ত করেন মিরাজ রহমান নামধারী একজন। তার যন্ত্রণায় কোয়েনা মিত্র মোবাইল নাম্বার বদলে ফেলেছেন, আর রাখী সাবন্ত থানায় ঠুকে দিয়েছেন মামলা।
