কোস্টারিকায় রবিরশ্মি
রবীন্দ্রনাথ ঠাকুরকে যে বিশ্বকবি অভিধায় চিহ্নিত করা হয় তা যে কতটা সুপ্রযুক্ত তা বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে ঘুরলেও টের পাওয়া যায়।
এশিয়া তো বটেই ইউরোপ, উত্তর আমেরিকা ছাড়িয়ে তার গানের মর্মবাণী স্পর্শ করেছে মধ্য আমেরিকার দেশ কোস্টারিকাকেও। সেখানের এক বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে একটি কোর্স চালু রয়েছে আজ ২৭ বছর ধরে। কীভাবে চালু হলো এই কোর্স, কী কী পড়ানো হয় সেখানে কোর্সটির অধ্যাপক সল আরগুয়েলো স্ক্রিবার একটি রচনা অবলম্বনে সেটাই তুলে ধরা হলো এখানে।
১৯৮০ সালের আগেও কোস্টারিকার মানুষ রবীন্দ্রনাথকে চিনত, কিন্তু ওই বছর দেশটিতে রবীন্দনাথের পরিচিতি নতুন মাত্রা পেলো। ইউনিভার্সিটি অফ কোস্টারিকার এমেরিটাস প্রফেসর এম এ হিল্ডা চেন আপুইয়ের উদ্যোগে ১৯৮০ সালেই সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর ও তার কর্মের উপর একটা কোর্স চালুর সিদ্ধান্ত নেয়া হয় এবং অতি দ্রুত তা বাস্তবায়িত হয়।
বিশ্ববিদ্যালয়ের আধুনিক ও চিরায়ত ভাষা বিভাগে অন্য এশিয় লেখকদের বাদ দিয়ে রবীন্দ্রনাথকে বেছে নেয়ার পেছনে অন্যতম কারণ, এই বিশ্বকবির অনেক লেখাই নিখুঁত স্প্যানিশ ভাষায় অনুদিত হয়েছে যার অধিকাংশই করেছেন আরেকজন নোবেলজয়ী সাহিত্যিক হুয়ান রামোন হিমেনেথ ও তার স্ত্রী জেনোবিয়া কামপ্রুবি। মধ্য আমেরিকার এই দেশটির রাষ্ট্রীয় ভাষা স্প্যানিশ।
সেই প্রথম কোস্টারিকা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ প্রবেশ করলেন। প্রথম কোর্সের ছাত্র ছিলেন সল আরগুয়েলো স্ক্রিবা। অতিরিক্ত নম্বর সংগ্রহের জন্য নয়, রবীন্দ্রনাথকে তিনি পড়েছেন ভালবেসে। অধ্যাপক চেনের এই যোগ্য উত্তরসুরী বলেন, “ঠাকুরের লেখা পড়ে তার প্রেমে না পড়া অসম্ভব ব্যাপার। তার কবিতার স্বকৃত অনুবাদ আমার কানে সঙ্গীতের মতো বেজেছিল।” রবীন্দ্রনাথের কবিতার পরতে পরতে ভাব ও বক্তব্যের ঘনবদ্ধ রুপ তাকে প্রবলভাবে আকৃষ্ট করে।
কোস্টারিকা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথের উপর কোর্স চালুর পেছনে বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের একটা ভুমিকা রয়েছে বলে মনে করেন স্ক্রিব। তিনি লিখেছেন, “ আসলে এর (রবীন্দ্রনাথের কোর্সটি ) যাত্রা শুরু ১৯৬৮ সালে যখন বিশ্ববিদ্যালয়ের চিরায়ত ভাষাতত্ত্ব বিভাগে ল্যাটিন ও গ্রিকের পাশাপাশি সংস্কৃতের কোর্স চালু করা হয়। তখন নির্বাচিত বিষয় বা ইলেকটিভ সাবজেক্টে হিসেবে সংস্কৃতকেও অন্তর্ভূক্ত করা হয়।” ফলে, ধারণা করা যায়, প্রধান ইউরোপিয় ভাষার কোর্সগুলির সঙ্গে পরীক্ষার ফলাফলে কিছু অতিরিক্ত নম্বর যোগের আশাতেই অনেকে সংস্কৃত পড়া শুরু করেন। এভাবে ধীরে ধীরে ধীরে এর প্রতি আকৃষ্ট হন অনেকে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য সেই সময়ে সংস্কৃতকে বিশেষ গুরত্ব সহকারে দেখেননি। এবং কাজটা যে ঠিক হয়নি সেটা প্রমান করেছে বিভাগের ছাত্ররা। প্রায় ৩৫ বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে সেখানে সংস্কৃতের চর্চা চলছে, বিস্তর ছাত্র নিজ আগ্রহেই সংস্কৃতের নতুন ভুবনে প্রবেশ করছে।
স্ক্রিবাও সংস্কৃতের হাত ধরেই প্রাচীন ভারতীয় ধ্যান ধারনার প্রতি আকৃষ্ট হন। তার উচ্চতর শিক্ষার অন্যতম বিষয় ছিল ’কম্পারেটিভ রিলিজিয়ন অ্যান্ড দি ভগবত গীতা’। স্ক্রিবা স্বীকার করেন যে তার মানস গঠনে এর প্রভাব ছিল সুদুরপ্রসারী। গ্রিস এবং রোমকে ভালবাসার শিক্ষা পেয়েছিলেন স্ক্রিবা বিদ্যালয় ও পরিবার থেকে। কিন্তু শেষ পর্যন্ত তিনি নীড় রচনা করলেন ভারতের এক বিশ্বকবিকে কেন্দ্র করে।
তাই অধ্যাপক চেন অবসরে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয়ে এশিয়ান স্টাডিজ বিভাগের হাল কে ধরবে তার খোঁজ করতে তাকে বিশেষ বেগ পেতে হয় নি। স্ক্রিবাকেই তার সংস্কৃত কোর্সের সহকারী হিসেবে নিয়েছিলেন তিনি। পরে রবীন্দ্র অধ্যাপকের পদেও বৃত হন তিনি। চেন অবসরে গেলে তার অসমাপ্ত কাজ শেষ করার দায়িত্ব স্বেচ্ছায় নিজের কাধে তুলে নেন স্ক্রিবা। অবসরে যাওয়ার সময়ে চেন তাকে যেসব উপহার দেন তার অন্যতম ছিল জেনোবিয়া কৃত রবীন্দ্র অনুবাদের একটি সংকলন। ওটি পরার পর তার রবীন্দ্রমুগ্ধতা আরো বাড়ে। এবং রবীন্দ্রনাথের কোর্সটি যেন কোন অবস্থাতেই বন্ধ না হয় সে ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ হন তিনি। অন্য সব কাজ করার পাশাাপাশি তিনি ওই কোর্সটির শিক্ষকতার কাজ চালিয়ে যান অনেক ক্লেশ স্বীকার করেও।
সবসময়েই এই কোর্সে ছাত্রছাত্রীর সংখ্যা ১৫ থেকে ৩৫ এর মধ্যে ছিল। স্ক্রিব পড়িয়েছেন বিভিন্ন ২০ জনকে। ওয়ার্ল্ড লিটারেচার ক্লাসের ইলেকটিভ সাবজেক্ট হিসেবে ছিল তখন রবীন্দ্রনাথের কোর্সটি। ফলে অন্য বিভাগের ছাত্ররাও এ কোর্সে অংশ নিতে পারতো।
কী পড়ানো হয় ওই কোর্সে?
স্ক্রিব জানান, প্রাচীন ভারতের সাংস্কৃতিক ও ঐতিহাসিক প্রেক্ষিত এবং ভারতীয় দর্শনে মানুষের লক্ষ্য সম্পর্কে একটা ছোট্ট ভুমিকা দেওয়ার পর কোর্সের পাঠ শুরু হয়। এরপর একটা সংক্ষিপ্ত অধ্যায়ে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন এবং রাজ্যবিস্তার ও বাংলা মুল্লূকে তাদের প্রভাব এর বর্ননা করে তৎকালে রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারিক পটভুমিটি তুলে ধরা হয়।
ভারতের বাইরে ভারতের যে ব্যাক্তিকে নিয়ে বিশ্ববাসীর সবচেয়ে বেশি কৌতুহল তিনি মহাত্মা গান্ধী। ফলে কোর্সের মধ্যে প্রায়ই অনেক ছাত্র গান্ধী ও রবীন্দ্রনাথের মধ্যে সম্পর্ক বিষয়ে জানতে চায়। উল্লেখ্য, গান্ধীর ‘মহাত্মা’ উপাধিটি রবীন্দ্রনাথের দেওয়া। তাদের সম্পর্ক, তাদের মিল আর গরমিলের জায়গাটা ছাত্রদের কাছে তুলে ধরেন স্ক্রিব।
এই সংক্ষিপ্ত ভুমিকার পর গীতাঞ্জলি বিশ্লেষনে প্রবেশ করেন স্ক্রিব। গ্রন্থটির অপরিসীম গুরুত্ব সম্পর্কে বোঝানোর জন্য তিনি ছাত্রদের বলেন যে, এই গ্রন্থটির জন্যই কবি নোবেল পুরষ্কার পেয়েছিলেন এবং সেই সুবাদে এশিয়ার লেখকরা পশ্চিমের এবং ল্যাটিন আমেরিকারও মনোযোগ কাড়তে সক্ষম হয়।
এরপর বিভিন্ন কবিতার বিশ্লেষনে করেন স্ক্রিব। সে সবের সাহিত্যিক, দার্শনিক নানা ব্যাখ্যা তুলে ধরেন। নারী, শিশু, শিক্ষা, সমসাময়িক ভারত, রবীন্দ্রনাথ ঠাকুরের ধর্মভাবনা, তার নাটক ইত্যাদি নিয়ে আলোচনা করেন।
এভাবে পাঠদানের ফলে সেমিস্টার শেষে রবীন্দ্রনাথের চিন্তা ও দর্শন সম্পর্কে ছাত্ররা একটা ধারনা পায়। এর ভিত্তিতে ঠাকুর সম্পর্কে বা অন্য কোন এশিয়া লেখক সম্পর্কে উচ্চতন পাঠের ক্ষেত্র তৈরি হয় ছাত্রদের সামনে। এরই মধ্যে তারা আবিষ্ট হয়ে পরে রবীন্দ্রনাথে।
স্ক্রিব জানান, “বহু বছর আগে কোর্স করে গেছে এমন ছাত্রদের কাছ থেকেও আমি পরে ফোন পেয়েছি। এদেরকে আমি অন্য এশিয়ান লিটারেচারের বদলে রবীন্দ্রনাথ ঠাকুরের কোর্স করতে বলেছিলাম। এ জন্য তারা আমার প্রতি কৃতজ্ঞতা জানায়। এরা কেউ সাহিত্যের লোক না। তাদের কেউ অর্থনীতি, কেউ প্রকৌশল, চিকিৎসা ইত্যাদি বিষয়ে পরে পড়াশোনা করেছে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কোর্সের কথা এরা কেউ ভোলে নি। রবীন্দ্রনাথ ঠাকুরের মাধ্যমে তারা সাহিত্যকে ভালবাসতে শিখেছে, ভালবাসতে শিখেছে বইকে।”
নিজেকে ঋদ্ধ করার জন্য এবং ছাত্রদের উদ্বুদ্ধ করতে রবীন্দ্রনাথ বিষয়ক বই পত্র পেলেই তা সংগ্রহ করেন তিনি। স্ক্রিব তার একটি অভিজ্ঞতার কথা তুলে ধরেন। “একদিন দিল্লির একটা পত্রিকা পেলাম। সেখানে অনেক শিল্পী ও বুদ্ধিজীবী লিখেছে তারা জীবনের কোন পর্যায়ে কীভাবে ঠাকুরের দ্বারা প্রেরণা লাভ করেছে।... সমকালীন ভারতের শিল্প ও চিন্তা জগতে ঠাকুরের প্রভাব এখনো কতটা প্রবল সেটা ছাত্রদের দেখাবো বলে কাগজটা আমি রেখে দিলাম।”
স্ক্রিব তার সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন। রবীন্দ্রনাথ ঠাকুরের অনুদিত রচনাগুলো ছাড়া অন্য কাজ সম্পর্কে সংক্ষিপ্ত পরিচতি দয়া ছাড়া আর কিছু করার থাকে না তার। কারণ তার কাছে রবীন্দ্রনাথের সঙ্গীত বা চিত্রকলার কোন নমুনা নেই।
“ফলে কোর্সের শেষের দিকে আমি তাদের দেখাই সত্যজিৎ রায়ের ছবি দি ওয়ার্ল্ড অফ অপু আর শোনাই রবি শঙ্করের সঙ্গীত।” একরকম আক্ষেপ করেই লিখেছেন তিনি।
সত্যজিতের ছবিটা রবীন্দ্রনাথের প্রেরণা সঞ্জাত এক ভারতীয় শিল্পীর কাজের নমুনা হিসেবে দেখান তিনি।
কোর্সের শেষে লেখকের যে কোন একটি কাজ নিয়ে রচনা লিখতে বলেন তিনি ছাত্রদের। এসব রচনার ফল হয় এই যে, রবীন্দ্রনাথ সম্পর্কে ছাত্রদের মনে একটা ধারণা প্রোথিত হয়ে যায় ভালোভাবে।
আর স্ক্রিব? যিনি বছরের পর একই বিষয়ে পড়িয়ে যাচ্ছেন তার ক্ষেত্রে কী হয়। স্ক্রিব বলেন, “যতই আমি পড়াই ততই তার লেখার নতুন নতুন মানে নব নব রুপ আবিষ্কৃত হয় আমার কাছে। সাহিত্যের সব শাখায় পদচারণা করেছেন এমন একজন লেখককে বারবার ছাত্রদের সামনে তুলে ধরতে পেরেও আমি একধরনের সন্তুষ্টি পাই। স্থান কালের বিপুল ব্যবধান সত্বেও আমাদের স্বপ্নকে এখনো ধারণ করেন তিনি।”
