লিউয়ের সাইকেল ভ্রমণের সঙ্গী তার পোষা কুকুর
ছোটবেলায় অনেকেই হয়তো চাচা, মামা’র সাইকেলের পেছনে বসে বেড়াতে গিয়েছেন। পরে নিজেই সাইকেল চালানো শিখে বান্ধবী বা বন্ধুকে পেছনে নিয়ে ঘুরে বেড়িয়েছেন। তাই বলে নিজের পোষা কুকুর বা বেড়ালকে পেছনে বসিয়ে ঘুরে বেড়াবার কথা কি ভেবেছেন কখনো? চীনের লিউ কিন্তু ঠিক তাই করছেন। নিজের পোষা কুকুরটাকে সাইকেলের পেছনে চড়িয়ে ঘুরে বেড়ান সারা শহর।
চীনের গুয়াংঝুয়ো শহরের বাসিন্দা লিউ। তার প্রতিবেশী একদিন তাকে একটা কুকুরের বাচ্চা উপহার দেয়। বাইসাইকেলে কুকুরের বাচ্চটা নিয়ে রওনা দেওয়ার সময় হঠাৎ করেই সেটা লাফ দিয়ে সাইকেলের পেছনের ক্যারিয়ারে উঠে পড়ে। আর পেছনের পা দুটি দিয়ে বেশ সুন্দর ব্যালেন্স করে দাড়িয়ে থাকে। তার সামনের পা দুটো থাকে মনিবের পিঠে।
সেই থেকে কুকুরটা লিউয়ের সাইকেল ভ্রমণের সঙ্গী। তিনি কুকুরটির নাম রেখেছেন ‘গোউগোউ’। বয়স এখন তার আট মাস। লিউ জানান, “গোউগোউয়ের যখন হিসু করার দরকার হয় তখন তার সামনের একটি পায়ের থাবা দিয়ে আমার পিঠে টোকা মারতে থাকে। সাইকেল থামালেই সে দৌড় দিয়ে নেমে চলে যায় । কাজ শেষ করে আবার সে সাইকেলের পেছনে চড়ে বসে। আর যখন বেশি ক্লান্ত হয়ে যায় তখন সে চুপটি করে বসে পড়ে সাইকেলের ক্যারিয়ারেই। বসেই হোক আর দাড়িয়েই হোক সাইকেলের পেছনে ভালোভাবেই ব্যালেন্স করে থাকতে পারে সে।”
ঝুজিয়াং নদীর পাড়ে লিউয়ের নিত্য দিনের সাইকেল ভ্রমণ গোউগোউয়ের জন্য এখন স্থানীয়দের কাছে দর্শনীয় ব্যাপার। সবাই তাদেরকে দেখার জন্য সেখানে ভীড় করে। স্থানীয় লোকজনসহ বাইরে থেকে আসা অনেকেও তাদের থামিয়ে নানান প্রশ্ন জিজ্ঞেস করে। ছবি তোলে। লিউ অবশ্য বিরক্ত না হয়ে ব্যাপারটা উপভোগই করেন।
সূত্রঃ ওয়েবসাইট।
