ইংরেজী নিয়ে গং লি’র আক্ষেপ
অন্য ভাষা শেখার ব্যাপারে চীনাদের অনাগ্রহের কথা সর্বজনবিদিত। চীনের পথে ঘাটে ভুল ইংরেজিতে লেখা পথনির্দেশের ছড়াছড়ি দেখলেও এ সম্পর্কে সম্যক ধারণা হয়। স্রেফ অনুবাদকের অভাবে সেখানে অনেক বড় বড় কাজ আটকে আছে দীর্ঘদিন ধরে।
ভাষা সম্পর্কে এই অনীহার শিকার সে দেশের বিনোদন জগতও। অনেক ভাল অভিনেতা অভিনেত্রীও স্রেফ ইংরেজি না জানার কারণে আন্তর্জাতিক পরিচিত পাচ্ছেন না। যারা পাচ্ছেন তারাও তাদের প্রতিভা নিয়ে এগিয়ে আসতে পারছেন না সামনের কাতারে। যেমন গং লি।
চীনের সবচেয়ে খ্যাতিমান এই অভিনেত্রীর যে সব চলচ্চিত্র আন্তর্জাতিক মহলে নজর কেড়েছে তার মধ্যে রয়েছে ‘ফেয়ারওয়েল মাই কনকুবাইন’, ‘দি মেময়ার্স অফ এ গেইশা’ ইত্যাদি। এসব ছবিতে তার অভিনয় প্রশংসিত হলেও হলিউডের ছবিতে তিনি তেমন একটা সুযোগ পান নি।
হলিউডে মনোযোগ না পাওয়ার কারণ হিসেবে গং লি দায়ী করেছেন তার দুর্বল ইংরেজি ভাষাজ্ঞানকে। ‘দি কার্স অফ দি গোল্ডেন ফ্লাওয়ার’ এর এই নায়িকা চান আরো বেশি করে ইংরেজি ভাষার ছবিতে অভিনয় করতে। তিনি চীনের উঠতি তারকাদের পরামর্শ দিয়ে বলেছেন, তারা যেন তাদের অবশ্যকর্মের তালিকার শীর্ষে ইংরেজি চর্চাকে রাখে। নইলে যতো ভালো অভিনয়ই করুক না কেন স্রেফ চীনের মধ্যেই তাদের আটকে থাকতে হবে।
