বঙ্কিমচন্দ্রের ১১৩ তম মৃত্যুবার্ষিকী রোববার
“পথিক, তুমি পথ হারাইয়াছ?”-নিঝুম বনের ধারে সাগরপাড়ে অচেনা এক তরুণীর জিজ্ঞাসু কন্ঠ চমকে দিয়েছিল নবকুমারকে। কাপালিকের আশ্রম থেকে বেরিয়ে বনমধ্যে পথ খুঁজে ফিরছিলেন তিনি। “যাঁহারা ক্ষণকালজন্য অপূর্বপরিচিত বনমধ্যে ভ্রমণ করিয়াছেন, তাঁহারা জানেন যে, পথহীন বনমধ্যে ক্ষণমধ্যেই পথভ্রান্তি জন্মে। নবকুমারের তাহাই ঘটিল।” পথ হারিয়ে বিপর্যস্ত নবকুমারের চমকে না ওঠার তো কোনো কারণ নেই। প্রকৃতিজাত সেই কন্যা কপালকুণ্ডলাই অবশেষে নবকুমারকে দিয়েছিলেন পথের দিশা।
আর কপালকুণ্ডলাকে আশ্রয় করেই মনোজাগতিক বিষয় নিয়ে উপন্যাস লিখে বাংলা সাহিত্যের নতুন এক পথ খুলে দিয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রোববার তার ১১৩ তম মৃত্যুবার্ষিকী। ১৮৯৪ সালের ৮ এপ্রিল মৃত্যুবরণ করেন তিনি।
বাংলা সাহিত্যে স্বার্থক উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন ১৮৩৮ সালের ২৬ জুন (১৩ আষাঢ়, ১২৪৫ বঙ্গাব্দ) ভারতের চব্বিশ পরগনা জেলার কাঁটালপাড়া গ্রামে। যাদবচন্দ্র চট্টোপাধ্যায় এবং দূর্গাদেবীর তৃতীয় ছেলে বঙ্কিম ছোটবেলা থেকেই পড়াশুনায় ছিলেন মনযোগী। সংস্কৃত ভাষার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে পড়েন তখন থেকেই। পরবর্তী সময়ে তিনি বাংলা এবং সংস্কৃত দুই ভাষাতেই হয়ে ওঠেন সমান দক্ষ।
প্রথম ছয় বছর বঙ্কিমকে কাঁটালপাড়াতেই কাটাতে হয়। সে সময়েই তার অসামান্য মেধার পরিচয় পাওয়া যায়। ছোট ভাই পূর্ণচন্দ্র লিখেছেন, “শুনিয়াছি বঙ্কিমচন্দ্র একদিনে বাংলা বর্ণমালা আয়ত্ত করিয়াছিলেন।” তিনি আরো বলেন, বঙ্কিমের প্রতিভা বুঝতে পেরে বাবা তার পড়াশুনার প্রতি বেশি যত্নবান হয়ে ওঠেন। কুল-পুরোহিত বিশ্বম্ভর ভট্টাচার্যের কাছে পাঁচ বছর বয়সে বঙ্কিমের হাতেখড়ি হয়। কিন্তু গ্রামের পাঠশালায় কখনো যাওয়া হয়নি তার।
বঙ্কিমের প্রকৃত লেখাপড়া শুরু আসলে মেদিনীপুরে। বাবা যাদবচন্দ্র ছিলেন সেখানকার ডেপুটি কালেক্টর। অসামান্য মেধার পরিচয় পেয়ে স্কুলের প্রধান শিক্ষক এফ টিড তাকে ডাবল প্রমোশন দিতে চাইলেন। কিন্তু যাদবচন্দ্রের আপত্তিতে তা হয়নি।
১৮৪৯ সালের শুরুর দিকে বঙ্কিমচন্দ্র মেদিনীপুর থেকে আবার কাঁটালপাড়ায় চলে আসেন। সে বছরেই ফেব্রুয়ারি মাসে মাত্র এগারো বছর বয়সে নারায়ণপুর গ্রামের পাঁচ বছর বয়সী এক বালিকার সঙ্গে তার বিয়ে হয়। সে সময় তিনি বাড়িতেই পড়ালেখা করতেন।
১৮৪৯ সালের অক্টোবর মাসে বঙ্কিম ভর্তি হন হুগলির মহসিন কলেজের জুনিয়র বিভাগে প্রথম শ্রেণীর ‘এ’ সেকশনে। তখন বয়স সবেমাত্র সাড়ে এগারো। তিনি সেখানে একটানা পড়াশুনা করেন সাত বছর। কলেজে থাকা অবস্থাতেই তার কবিতা ‘কামিনীর উক্তি। তোমাতে লো ষড়ঋতু’ ছাপা হয় ‘সংবাদ প্রভাকরে’।
জীবনে প্রথম ছাপার অক্ষরে বের হওয়া এ কবিতার বিনিময়ে সম্মানি জুটেছিল বিশ টাকা।
আইন বিষয়ে পড়ার জন্য ১৮৫৬ সালের ১২ জুলাই তিনি ভর্তি হন কলকাতার প্রেসিডেন্সি কলেজে। সেখানে পড়ার সময় প্রকাশিত হয় প্রথম কবিতার বই-‘ললিতা। পুরাকালিক গল্প। তথা মানস।’
এরমধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে তিনি প্রেসিডেন্সি ছেড়ে ভর্তি হন সেখানে। গ্রাজুয়েশন যখন শেষ হলো তখন বয়স ২০। তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম দুজন গ্রাজুয়েট ছাত্রের একজন। অবশ্য বিষয়টা শুনতে যতটা, বাস্তবে ততটা সহজ ছিলো না। সে বছর পরীক্ষা খুব কঠিন হওয়ায় প্রথমে কেউই উত্তীর্ণ হতে পারেননি। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাত নাম্বার গ্রেস দিয়ে বঙ্কিম এবং যদুনাথ বসুকে বিএ পরীক্ষায় পাস করিয়ে দেন।
বঙ্কিমচন্দ্রের বাবা ছিলেন ব্রিটিশ প্রাশাসনিক দপ্তরের একজন কর্মকর্তা। বাবাকে অনুসরণ করেন তিনিও। ১৮৫৮ সালের ৭ আগস্ট ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেকটর পদে যোগ দেন। তার প্রথম চাকরিস্থল ছিলো যশোর। সেখানে থাকার সময় ১৮৫৯ সালে তার স্ত্রী মারা যান। এরপর ১৮৬০ সালে তিনি বদলি হন মেদীনিপুরের নেগুঁয়া মহকুমায়। সেখানে ওই বছরের জুন মাসে হালিশহরের বিখ্যাত চৌধুরী বংশের কন্যা রাজলক্ষী দেবীর সঙ্গে তার বিয়ে হয়।
ঔপনিবেশিক সরকারের একজন কর্মকর্তা হিসাবে বঙ্কিম ব্যাপক সুনাম অর্জন করেন। কর্মদক্ষতার কারণে ১৮৯১ সালে ‘রায় বাহাদুর’ খেতাব পান তিনি। সে বছরেরই ১৪ সেপ্টেম্বর অবসর নেন বঙ্কিম।
অবশ্য প্রশাসনিক কর্মদক্ষতার কারণে নয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রাতঃস্বরণীয় তার সাহিত্যকর্মের জন্য। কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়ে ছিলেন তিনি। কিন্তু কিছুদিনের ভেতরই তিনি বুঝতে পারেন আসলে কবিতা নয়, উপন্যাসই তাকে টানছে বেশি। কর্মস্থল খুলনায় বসে প্রথম উপন্যাস ‘রাজমোহনস ওয়াইফ’ লিখলেন ইংরেজিতে। পরবর্তী সময়ে এ উপন্যাসের সাত অধ্যায় নিজেই অনুবাদ করেন তিনি।
এরপর তিনি লেখেন ‘দুর্গেশনন্দিনী’। ১৮৬৫ সালে প্রকাশিত হয় এটি।
১৮৬৬ সালে প্রকাশ করলেন ‘কপালকুণ্ডলা’। এই উপন্যাসে তিনি তার নায়িকাকে চিত্রায়িত করলেন কালিদাসের শকুন্তলা, শেক্সপিয়ারের মিরান্ডার মতো করে। উপন্যাসের পটভূমি হিসাবে বেছে নেন দরিয়াপুরকে।
কপালকুণ্ডলার তিন বছর পরই প্রকাশিত হয় তার আরেকটি রোমান্টিক উপন্যাস ‘মৃণালিনী’।
বঙ্কিমচন্দ্র ছিলেন বেশ রাশভারী লোক। কিন্তু স্বদেশের সত্যিকার মঙ্গলের জন্য তিনি ক্রমে সামাজিক হয়ে উঠতে লাগলেন। দশের মঙ্গল কীভাবে হবে এটাই ছিলো তার একান্ত ভাবনা। এই ভাবনা কাজে রূপান্তরের জন্য তিনি ১৮৭২ সালের এপ্রিল মাসে মাসিক পত্রিকা প্রকাশ করা শুরু করেন। নাম ছিল ‘বঙ্গদর্শন’। সেখানে তিনি লিখেছিলেন, “বাঙ্গালা ভাষার প্রতি বাঙ্গালির অনাদরেই, বাঙ্গালির অনাদর বাড়িতেছে।”
বঙ্গদর্শনের প্রথম সংখ্যার প্রায় পুরোটা জুড়েই ছিলো তার নিজের রচনা। এর ভেতর ছিলো ধারাবাহিক উপন্যাস, গল্প, ব্যঙ্গচিত্র, ঐতিহাসিক এবং নানা ধরনের রচনা, তথ্যবহুল নিবন্ধ, সাহিত্য আলোচনা ইত্যাদি। বঙ্গদর্শনেই বঙ্কিমের ‘বিষবৃক্ষ’ ধারাবাহিকভাবে ১৮৭৩ সাল থেকে প্রকাশিত হতে থাকে।
চার বছর একটানা এ পত্রিকা সম্পাদনা করেন তিনি। এরপর প্রায় দুই বছর এটির প্রকাশনা বন্ধ থাকে। তারপর হাল ধরার চেষ্টা করেন বঙ্কিমেরই বড় ভাই সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। তিনি সেটাকে অনিয়মিতভাবে প্রকাশ করেছেন।
কিছুদিনের বিরতিতে বঙ্কিম ১৮৭৭ সালে প্রকাশ করেন তার অন্যতম সেরা উপন্যাস ‘চন্দ্রশেখর’।
তার অন্যান্য বিখ্যাত উপন্যাসের মধ্যে রয়েছে আনন্দমঠ, দেবী চৌধুরাণী, সীতারাম, রাজসিংহ ইত্যাদি। এছাড়া তার অন্যান্য রচনার মধ্যে রয়েছে লোকরহস্য, বিজ্ঞানরহস্য, ধর্ম্মতত্ত্ব, কৃষ্ণচরিত্র, বিবিধ সমালোচনা, সাম্য, রায় দীনবন্ধু মিত্র বাহাদুরের জীবনী, প্রবন্ধ পুস্তক, সহজ রচনা শিক্ষা, সহজ ইংরেজী শিক্ষা, শ্রীমদ্ভগবদগীতা ইত্যাদি।
বঙ্কিমচন্দ্রের স্বাস্থ্য শেষ দিকে মোটেই ভালো ছিলো না। ১৮৯৪ সালের মার্চ মাসের মাঝামাঝি তার বহুমূত্র রোগ বেড়ে যায়। ৮ এপ্রিল (২৬ চৈত্র ১৩০০ বঙ্গাব্দ) বিকেলের দিকে তিনি মৃত্যুবরণ করেন।
শরৎকুমারী, নীলাব্জকুমারী ও উৎপলকুমারী নামে তার তিনটি মেয়ে ছিল।
