২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাইলে আপনি একটা রকেটেরও মালিক হতে পারেন!

চাইলে এবার আপনি একটা আস্ত রকেটের মালিক হতে পারেন। খেলনা নয়, সত্যি সত্যি রকেট। খোলাবাজারে প্রথমবারের মতো এই রকেট বিক্রির ব্যবস্থা করেছেন এর আবিষ্কারক হুয়ান ম্যানুয়েল লোজানো। আবিষ্কারক মহোদয় এর দাম হেঁকেছেন ১ লাখ ৩০ হাজার পাউন্ড।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2007, 07:04 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

এর রকেট বেল্টস নামের হাইড্রোজেন পারঅক্সাইড চালিত ব্যাকপ্যাক এর গতি ঘন্টায় ৬০ মাইলের মতো তুলতে পারবে বলে জানিয়েছেন তিনি।

লন্ডনের দি ডেইলি টেলিগ্রাফ জানায়, এই বেল্ট ভেন্ডেল মুরের একটি গেজেটের কপি। ১৯৬১ সালে আমেরিকান ফার্ম বেল অ্যারোসিস্টেমের একজন প্রকৌশলী ছিলেন মুর।

আসল বেল্টটি জেমস বন্ড সিরিজের ‘থান্ডারবল’ পর্বে ব্যবহার করেছেন শন কনারি। ১৯৮৪ সালের লস এঞ্জেলস অলিম্পিক গেমের উদ্ধোধনী অনুষ্ঠানেও এই বেল্টটি ব্যবহার করে আকাশে উড্ডয়ন করা হয়।

বর্তমানে লোজানোর রকেটে এতে যোগ হয়েছে নতুন মাত্রা। ফুয়েলচালিত মেশিনের সহায়তা পাবে এটি। নিজের উদ্ভাবিত এই রকেট বেল্টকে লোজানো ‘এযাবৎকালের সবচেয়ে দর্শনীয় উড্ডয়ন যন্ত্র’ বলে বর্ণনা করেছেন।

“গতির প্রতি আমার যে দুর্বলতা, মোটরসাইকেল, রেসিং কার, বিমান, নৌকা, রকেট-এসবের প্রতি আমার যে প্রচন্ড ভালবাসা তার কারণেই এই রকেট বেল্ট আবিষ্কার সম্ভব হলো।” বলেছেন লোজানো।

রকেট বেল্টটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইটের এই ঠিকানায়-www.tecaeromex.com.