‘ভারতীয় ফ্যাশন শিল্প এখনো নবীন’ : রিতু কুমার
বিনোদনের জগতে হলিউডের ছবি থেকে খুব বেশি পিছিয়ে নেই বলিউড। অথচ ফ্যাশনের ক্ষেত্রে সে কোন জায়গা করে নিতে পারছে না তেমনভাবে। অথচ ভারতে যে ফ্যাশনের ক্ষেত্রে কোন কাজ হচ্ছে না তা নয়। দেশে ফ্যাশনের অগ্রগতিটাকে বেশ উচ্ছাসের সঙ্গে বর্ননা করলেও ভারতের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার রিতু কুমার হতাশা ব্যক্ত করেছেন এই বলে যে ইউরোপিয় ফ্যাশন শিল্পের সঙ্গে ভারতীয় ফ্যাশন শিল্পের সেতুবন্ধন অচিরেই হওয়ার কোন সম্ভাবনা নেই।
ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসকে (আইএএনএস) দেওয়া এক সাক্ষাৎকারে কুমার জানান, “ইউরোপিয়ান ফ্যাশন শিল্পে শত বছরের পুরোনো আর আমাদেরটা এখনো জায়মান পর্যায়ে রয়েছে। ফলে এই দুটোর মধ্যে ফারাক থাকবে সবসময়ই। কিন্তু তারপরেও গত সাত বছরে ভারত এক্ষেত্রে যে উন্নতি করেছে তাতে আমি খুবই আনন্দিত।”
এই শূন্যতা সম্পর্কে বলতে গিয়ে রিতু কুমার, যিনি ফ্যাশন ডিজাইন কাউন্সিল অফ ইন্ডিয়ার সভাপতিও বটে, বলেন, “আমরা আসলে পিছিয়ে আছি দুটো জায়গায়। আমাদের মানসিক এবং আর্থিক সাহায্য নেই বললেই চলে। সরকারের উচিত ফ্যাশন শিল্পের উন্নতিকল্পে এগিয়ে আসা। জাপান, ইংল্যান্ড এবং ফ্রান্সের ডিজাইনাররা তাদের সরকারের কাছ থেকে অভূতপূর্ব সমর্থন পেয়ে থাকে।”
প্রতি দিনই বিশ্বের ফ্যাশন শিল্প বড় থেকে আরো বড় হচ্ছে। কিন্তু সেখানে ভারতের প্রবেশ তেমনভাবে হয়ে উঠছে না। বিশেষ করে সর্বশেষ ফল উইন্টার কালেকশানের ফলাফল নিয়ে রিতু কুমার যারপর নাই হতাশ। তিনি আধুনিক তরুনদের মনোভাবেরও সমালোচনা করেন যারা আধুনিক পোশাক বলতে কেবল পশ্চিমা পোশাককেই বুঝে থাকে।
হাল আমলে হাড্ডিসার মডেলদের নিয়ে বেশ হইচই হচ্ছে ফ্যাশন বিশ্বে। তিনি ভারতীয় ফ্যাশন শিল্পে এদের যাতে নিরুৎসাহিত করা হয় সেই বিষয়ে জোর দিয়ে বলেন, “আমাদের উচিত, শরীর যেমন আছে তেমন রেখেই তার সৌন্দর্য ফুটিয়ে তোলা। সেই সঙ্গে আমাদের উচিত সুস্বাস্থের অধিকারী মডেলদের উৎসাহিত করা, ডায়েট কন্ট্রোল করে অস্বাভাবিকভাবে শুকিয়ে যাওয়াদের নয়। যেটা স্বাস্থসম্মত নয় সেটা ঠিক হতে পারে না।”
