কিডনীর বিনিময়ে ওয়ার্ল্ডকাপ
বিশ্বকাপ কিক্রেট ঘিরে উন্মাদনা শুরু হয়ে গেছে। জামশেদপুরের ২৩ বছর বয়স্ক এক তরুন অভিনব এক ঘোষণা দিয়ে উন্মাদনার পালে হাওয়া লাগিয়ে দিয়েছেন। এবারের বিশ্বকাপ দেখতে ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার টাকা যোগাড় করতে কিডনি বিক্রি করার ঘোষণা দিয়েছেন তিনি। খবর অ্যানানোভার।
পোষাক বিক্রেতা এই তরুণের নাম সরুন শর্মা। তার একটি কিডনির দাম হেঁকেছেন সাড়ে তিন হাজার পাউন্ড। ঘোষনার সঙ্গে কিছু শর্তও জুড়ে দিয়েছেন তিনি। কিডনির জন্য তাকে অগ্রিম টাকা দিতে হবে এবং বিশ্বকাপ শেষে ওয়েস্ট ইন্ডিজ থেকে ফেরার পর কিডনি অপসারন করতে হবে।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলের, “আমি সত্যিই এ ব্যাপারে সিরিয়াস। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে বিশ্বকাপ দেখার টাকার বিনিময়ে আমি একটি কিডনি বিক্রি করার ব্যাপারে প্রস্তুত। আমার পরিবার ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার মতো টাকা দিতে পারবে না। তাছাড়া এতে সমস্যারও কিছু নেই। আমি অনেককেই চিনি যারা একটি কিডনি নিয়ে দিব্যি বেঁচে আছে।”
