নভেম্বর ১৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ১০ নম্বর মহাবিপদ সংকেত, বৃষ্টি ভেজা বৈরি আবহাওয়া বৃহস্পতিবার সকালে দমিয়ে রাখতে পারেনি প্রাণের উচ্ছাস। ১৪০৬ থেকে ১ অগ্রাহয়ণের এই দিনে চারুকলার বকুলতায় নবান্ন উৎসব উদযাপন করে আসছে নবান্ন উৎসব উদযাপন পর্ষদ। এবারও তার ব্যতিক্রম হয়নি।
বাঁশির সুর আর আবৃত্তির মধ্য দিয়ে শুরু হয় উৎসব। নবান্ন উৎসব উদযাপন পর্ষদের সভাপতি লায়লা হাসান উৎসব আয়োজন আর অংশগ্রহণের অনুভূতি জানাতে গিয়ে বলেন, "গতকাল রাত বারটা পর্যন্ত ছিলাম। আজও ভোর ছটায় এসেছি। ১লা ফাল্গুন, ১লা বৈশাখের মতো ১ অগ্রাহয়ণে নবান্ন উৎসবের দিনটির জন্যও একটা অপেক্ষা থাকে। উৎসব আয়োজন, উৎসবে অংশগ্রহণ সবই ভালো লাগে।"
নবান্ন উৎসব উদ্বোধন করেন - প্রবীন নারী নেত্রী হেনা দাস। সবাইকে নবান্ন উৎসবের শুভেচ্ছা জানিয়ে উদ্বোধনী বক্তব্যে হেনা দাস বলেন, "নবান্ন হচ্ছে একটি ঐতিহ্যময় উৎসব। গ্রাম বাংলায় এই উৎসবটি এখন চলে এসেছে ঢাকায়। আশ্বিন-কার্তিক মাসের অভাব, মঙ্গার পর অগ্রাহয়ণে মানুষ নতুন জীবন পায়, অন্ন পায়।"
'কৃষক, ক্ষেতমজুরেরা ভাল থাকুক, ক্ষুধার অন্ন যোগাক, ধানে চালে সমৃদ্ধ হোক বাংলা' - এ বাসনা ব্যক্ত করে নবান্ন উৎসব উদ্বোধন করেন হেনা দাস।
হৈমন্তিক শুভেচ্ছা জানিয়ে লায়লা হাসান সবাইকে মঙ্গা পীড়িত এলাকায় সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান। আর বলেন, "আকাশ সংস্কৃতির দাপটে আমাদের সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্ম ভুলতে বসেছে আমাদের বাঙ্গালি সংস্কৃতির ঐতিহ্য। উৎসব উদযাপনের এটাও একটা কারণ।"
ফেরদৌস আরার গান দিয়ে শেষ হয় বকুলতলার নবান্ন উৎসবের প্রভাতী সংস্কৃতিক আয়োজন।
বকুলতলার সামনে ডানদিকে পসরা বসে বাঙালীর ঐতিহ্যময় পিঠার। বাঙালীদের ভুলতে বসা পিঠা লবঙ্গ লতিফা, রস গোলাপ, তেলচিতই, মকশীলা, পাটিসাপ্টা, কাঁটা পিঠা, ফুল পিঠার পসরা যেন উৎসব আনন্দে যোগ করেছে সতেজতা। নিমকি, নংক, মুরলি, মুড়ি, মুড়কি, মোয়াতো ছিলই।
বকুলতলায় দলীয় একক শিল্পীদের গান আর শিল্পীদের নাচে মেতেছিলেন উৎসবে আসা দর্শকরাও।
নবান্ন উৎসব উদযাপন পর্ষদের আহবায়ক শাহরিয়ার সালাম এবং সহ সভাপতি মাহ্মুদ সেলিমের বক্তব্যে দাবি ছিল, পহেলা অগ্রাহয়ণকে জাতীয় দিবস এবং ছুটির দিন ঘোষণার। সালাম জানান, এবারের নবান্ন উৎসব ১৪১৪ আমরা উৎসর্গ করেছি শ্রদ্ধাভাজন ওয়াহিদুল হককে।
৬টা ৪৫ মিনিটে নবান্ন উৎসব শোভাযাত্রার কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে সকাল ৯টায় শোভাযাত্রা বের হয় চারুকলার বকুলতলা থেকে আর রাজু ভাস্কার্য ঘুরে শেষ হয় চারুকলায়।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এফবি/এমআইআর/১৯০৫ ঘ
bdnews24