অক্টোবর ৩১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- স্বপ্ন কে না দেখে? স্বপ্নতাড়িত হয়েই মানুষ জীবনবাজি রেখে ঝুঁকিপূর্ণ কাজ করে সবাইকে অবাক করে দেয়। স্বপ্নতাড়িত মানুষমাত্রই জানে অসম্ভব বলে আসলে কিছু নেই। আর তাই রোম অঞ্চিত করা বহু ধরনের অ্যাডভেঞ্চারে ঝাঁপিয়ে পড়তে দেখা যায় অনেক যুবা-তরুণকে। সাইক্লিং, ট্রেকিং, ক্যাম্পিং, স্কুবা-ডাইভিং ইত্যাদির পর এ তালিকায় বাংলাদেশে সর্বশেষ যোগ হয়েছে পর্বতারোহণ।
এদেশের অনেকেই এখন স্বপ্ন দেখছেন বিশ্বের সর্বোচ্চ পর্বতচূড়া এভারেস্টের মাথায় বাংলাদেশের পতাকা ওড়াতে। এ স্বপ্নকে বাস্তব রূপ দিতে ২৯ অক্টোবর এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নর্থ আলপাইন ক্লাব, বাংলাদেশ এর পথচলা শুরু হয়েছে। উদ্বোধনের সময় ক্লাবের মূল স্লোগান 'ভিশন ২০১০: মিশন এভারেস্ট' ঘোষণা করা হয়। ২০১০ সালের মধ্যেই এ ক্লাবের পক্ষ থেকে একটি বাংলাদেশি দলকে এভারেস্টে পাঠানোর ইচ্ছা ব্যক্ত করেন ক্লাবের অন্যতম উদ্যোক্তা মুসা ইব্রাহীম।
প্রায় জনাবিশেক সদস্য নিয়ে যাত্রা শুরু করা নর্থ আলপাইন ক্লাব সদস্যদের জন্য শারীরিক ফিটনেস ধরে রাখার প্রোগ্রাম, পর্বতারোহণের কৌশল অনুশীলন ইত্যাদি কর্মকাণ্ড পরিচালনার কর্মসূচী হাতে নিয়েছে। দেশের বাইরে অধিক উচ্চতাবিশিষ্ট ট্রেইলে ট্রেকিং এবং প্রতি বছর দুটি করে পর্বতে অভিযান পরিচালনা করারও ঘোষণা দিয়েছেন উদ্যোক্তরা।
সদস্য হতে আগ্রহী যে কেউ এই ক্লাবের সাথে যোগাযোগ করতে পারেন। ক্লাবের ঠিকানা: নর্থ আলপাইন ক্লাব, বাংলাদেশ, এ কে কমপ্লেক্স, স্যুইট # ৯, ৬ষ্ঠ তলা, ১৯ গ্রিন রোড, ঢাকা
bdnews24