অক্টোবর ৩১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- শচীনকে সবাই ক্রিকেট ব্যাট হাতে দেখতেই অভ্যস্ত। ফলে মঙ্গলবার শিবাজি পার্কে শচীন টেন্ডুলকারকে দেখে অনেকেই অবাক হয়েছেন। কারণ এখানে তিনি একটি কবিতা আবৃত্তি করেছেন। কবিতাটি তার প্রয়াত পিতা রমেশ টেন্ডুলকারের রচনা। এভাবেই এই ভারতীয় ক্রিকেটার তার প্রয়াত পিতাকে সম্মান জানালেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।
মঙ্গলবার মহারাষ্ট্র ধর্ম এক্সিবিশন তার পিতা রমেশের স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। এখানে প্রধান অতিথি ছিলেন শচীন।
কবিতা আবৃত্তির আগে ১৯৯৯ সালে ইংল্যান্ডে বিশ্ব কাপ ক্রিকেটের সময় কীভাবে তার বাবা মারা গেলেন সেটা বর্ণনা করেন তিনি। মৃত্যুর খবর পেয়ে শচীন খেলা ফেলে বাড়ি চলে আসেন। অবশ্য বাবার শেষকৃত্যানুষ্ঠান থেকে ফিরে তিনি কেনিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন।
শচীন জানান, "আগে আমি সেঞ্চুরি বা অর্ধ সেঞ্চুরি করলেই প্রথ্যকবার ব্যাট উপরে তুলে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতাম। কিন্তু বাবার মৃত্যুর পর আমি প্রতিবার আকাশে আর্শীবাদরত আমার পিতাকে দেখতে পাই।"
শচীনের বাবা এক কলেজের অধ্যাপক ছিলেন, সাহিত্যিক হিসেবে তার বেশ সুনাম ছিল। তিনি বিখ্যাত গায়ক শচীন দেব বর্মনের ভক্ত ছিলেন। তার নামানুসারেই ছেলের নাম রাখেন শচীন।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৬৫৬ ঘ
bdnews24