অক্টোবর ২৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- পুনের ইয়েরওয়ারা জেলে আবারো কয়েদির জীবন যাপন শুরু করেছেন সঞ্জয় দত্ত। অন্তবর্তীকালীন জামিন শেষে দুই মাস পরে দ্বিতীয় বারের মতো জেলখানায় ফিরলেও এখানে তেমন কোন পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়নি তার জন্য নির্ধারিত ব্যবস্থাও। সম্ভবত এবারও বেতের আসবাবপত্র বানানোর কাজ করতে হবে তাকে। খবর ভারতীয় ওয়েবসাইটের।
সঞ্জয়কে মঙ্গলবার রাত আটটার দিকে জেলখানায় নেয়া হয়। এ সময় তার পরনে ছিলো নীল শার্ট এবং জিন্সের প্যান্ট। প্রথমবার সঞ্জয় যখন এই জেলে এসেছিলেন তখন জেল গেটে ভক্তদের ভিড় ছিলো প্রচন্ড। কিন্তু এবার সাংবাদিক এবং কর্তব্যরত পুলিশ ছাড়া তেমন কেউ ছিলো না।
পুলিশের এক কর্মকর্তা জানান, "সঞ্জয় খুব শীঘ্রই কাঠমিস্ত্রীর কাজ শুরু করবে। কারণ গতবার জেলে থাকা অবস্থায় সঞ্জয় এই কাজই শুরু করেছিলেন তিনি এবং এ কাজে দ্রুত দক্ষতা অর্জন করেছিলেন।"
সঞ্জয়ের আইনজীবী ফারহানা শাহ এবং সতীশ মুম্বাই থেকে জানান, তারা আগামী সপ্তাহে সুপ্রীম কোর্টে সঞ্জয়ের জামিনের জন্য আবেদন জানাবেন।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৯০৫ ঘ
bdnews24