২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলাম নিয়ে প্রামাণ্য চলচ্চিত্র তৈরি করতে চেয়েছিলেন রোসেলিনি

বিশিষ্ট ইতালিয় চলচ্চিত্র নির্মাতা রবার্তো রোসেলিনি ইসলাম নিয়ে একটি প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছিলেন। ১৯৭৭ সালে মৃত্যুর আগে সেই কাজ তিনি শেষ করে যেতে পারেননি। এখন তার ছেলে রেনজো বাবার হাতে লেখা ৭০ পাতার নোট নিয়ে একটি বই প্রকাশ করেছেন যার শিরোনাম 'ইসলাম : লেট'স স্টার্ট লার্নিং অ্যাবাউট দি মুসলিম ওয়ার্ল্ড'। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2007, 11:13 AM

Updated : 26 Aug 2022, 08:44 PM

অক্টোবর ৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বিশিষ্ট ইতালিয় চলচ্চিত্র নির্মাতা রবার্তো রোসেলিনি ইসলাম নিয়ে একটি প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছিলেন। ১৯৭৭ সালে মৃত্যুর আগে সেই কাজ তিনি শেষ করে যেতে পারেননি। এখন তার ছেলে রেনজো বাবার হাতে লেখা ৭০ পাতার নোট নিয়ে একটি বই প্রকাশ করেছেন যার শিরোনাম 'ইসলাম : লেট'স স্টার্ট লার্নিং অ্যাবাউট দি মুসলিম ওয়ার্ল্ড'। খবর ভারতীয় ওয়েবসাইটের। ১৯৭০ এর দশকে বিশ্ব জুড়ে তেল সংকট যখন চরমে তখন রোসেলিনি লিখেছিলেন যে, আধুনিকতার গর্বে অন্ধ পশ্চিমের সঙ্গে মুসলিম বিশ্বের সম্পর্কে একটা গভীর ফাটল দেখা দিয়েছে। এই বিভেদ আর রেখে ঢেকে রাখা যাচ্ছে না, এটা প্রকাশ্য হয়ে পরেছে। রোমে গত সপ্তাহে বইটির প্রকাশনা অনুষ্ঠানে রেনজো বলেন, " সেসময়ে লেখা রোসেলিনির বক্তব্য এখন আরো বেশি তাৎপর্যপূর্ণ হয়ে পরেছে।" রোসেলিনি ইসলাম সম্পর্কে প্রথম আগ্রহ দেখান ইরানি লেখক ফেরেদুন হুবেয়দার সঙ্গে কাজ করার সময়। তাদের যৌথ শ্রমের ফসল হিসেবে তৈরি হয় ১৯৫৭ সালে নির্মিত 'ইন্ডিয়া : মাতৃভূমি' প্রামাণ্য চিত্রের চিত্রনাট্য। হুবেয়দা ১৯৭১ সাল থেকে ১০৭৯ সাল পর্যন্ত জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেন। তিনি জানান, ইসলাম সম্পর্কিত প্রামাণ্য চিত্রের জন্য রোসেলিনি গাড়িতে করে ইতালি থেকে ভারত ভ্রমণের কথা ভাবছিলেন। ২০০১ সালে প্যারিসের লুভ মিউজিয়ামে ইতালিয় চলচ্চিত্রকারদের এক রেট্রোস্পেকটিভের সময় হুবেয়দা বলেছিলেন, " রোসেলিনি আমাকে বলেছিলেন, মুসলিম বিশ্বের যে দেশগুলো তিনি ঘুরে দেখবেন সেগুলো সম্পর্কে তাকে যেন আমি তথ্য যোগান দিই। তুরষ্ক, ইরান ও পাকিস্তানে ভ্রমণের ইচ্ছা ছিল তার। ভারতে সংখ্যালঘু হলেও বিপুল সংখ্যক মুসলমান থাকায় এ দেশেও ঘুরে যেতে চেয়েছিলেন তিনি।" হুবেয়দার বক্তব্য অনুযায়ী, তারা দুজন বছরের পর বছর এ ব্যাপারে আলোচনা চালিয়ে যান। এই আলোচনা থেকেই তার প্রামাণ্য চিত্রের ভিত্তি রচিত হয়। ২০০৬ সালে হুবেয়দা মারা যান। হুবেয়দার বলেছিলেন, "রোসেলিনি ভেবেছিলেন, পশ্চিমা জগৎ ও মুসলিম বিশ্বের যে বিভেদ দুনিয়াকে অশান্তিময় করে রেখেছে, তার ক্ষুদ্র চেষ্টার মাধ্যমে তার কিছুটা হলেও নিরসন হবে। ইতিহাসে আরব ও মুসলিম সংস্কৃতি তার সঠিক আসনটি লাভ করবে।" তবে এ বিষয়ে তাদের চিন্তাভাবনায় কিছু পার্থক্যও ছিল। বিশেষ করে মুসলিম দেশগুলোতে বুদ্ধিজীবীদের অবস্থান ও ভূমিকা নিয়ে। হুবেয়দা বলেছিলেন, "রোসেলিনি ইসলামি বিশ্বকে দেখেছেন মূলত পশ্চিমা সভ্যতার সঙ্গে সম্পর্কের প্রেক্ষিতে। আমি দেখি অন্য প্রেক্ষাপটে। মুসলিম বিশ্ব তার নিজের বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক যে ঐতিহ্য ছিল তাকে উপেক্ষা করতে শুরু করে একসময়, তখন পশ্চিমা দুনিয়া সেটাই সাদরে বরণ করে নিয়ে নিজেদের উন্নতি সাধন করে।" হুবেয়দা আরো মনে করেন মুসলিম রাষ্ট্রের সরকারগুলো নিজেদের বুদ্ধিজীবীদের কদর না করে এবং পশ্চিমের নীতি অনুসরণ করে আপন অগ্রগতির পথ রুদ্ধ করে ফেলে। হুবেয়দার কথা উদ্ধৃত করে রেনজো বলেন, "রোসেলিনি নিওরিয়ালিজমের আদর্শে উদ্ধুদ্ধ ছিলেন। যা কিছু রহস্যময় তাকেই বাস্তবের জমিনে নিয়ে আসা, সবকিছু সম্পর্কে প্রশ্ন তোলা এবং কোন ধারনা বা কোন কিছু সম্পর্কে সন্তুষ্ট না থাকা, এটাই ছিল তার স্টাইল।" রোসেলিনির বইটি প্রকাশ করেছে ডনজেলি প্রকাশনা সংস্থা। ১৯০৬ সালের ৮ মে জন্মগ্রহণ করেন রোসেলিনি। মারা যান ১৯৭৭ সালের ৩ জুন। তার ছবিগুলির মধ্যে রয়েছে 'রোমা', 'পায়সা', 'লা'মুর', 'ইওরোপা ৫১', 'ভিভা ইটালিয়া' ইত্যাদি। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৭০৬ ঘ.