২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতি আজ শ্রদ্ধাভরে পালন করছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৩০তম মৃত্যুবার্ষিকী

বাঙালি ও বাংলাভাষী মানুষ ভালবাসা আর শ্রদ্ধাভরে আজ পালন করছে প্রেম আর দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের ৩০ তম মৃত্যুবার্ষিকী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2006, 03:33 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

কবিকন্যা উমা কাজী আর নাতনি খিলখিল কাজীসহ পরিবারের সদস্যরা মাজার জিয়ারতের মাধ্যমে শুরু করেন দিনের কর্মসূচি।

এরপর থেকে বিভিন্ন স্তরের শত শত মানুষ জাতীয় কবির ৩০ তম মৃত্যুবার্ষিকীতে কবিকে শ্রদ্ধা জানাতে জড়ো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট ও কেন্দ্রীয় মসজিদের মধ্যবর্তী কবির সমাধি পাশে।

সামাজিক - সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের ফুলেল শ্রদ্ধায় ভরে যায় মাজার প্রাঙ্গন।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসএমএ ফায়েজ, কাজী নজরুল ইসলাম বিদ্যালয়ের উপাচার্য শামসুর রহমান, শিল্পী - সাহিত্যিকদের মধ্যে সুধীন দাস, রফিকুল ইসলাম, সোহরাব হোসেন, খালিদ হোসেন, রশীদ-উন-নবি এবং ইয়াসমিন মুশতারিসহ অগণিত মানুষ কবির মাজারে পুষ্পার্ঘ অর্পণ করেন।

এ ছাড়াও কবির মাজারে পুষ্পার্ঘ অর্পণ করেন ক্ষমতাসীন বিএনপি, প্রধান বিরোধীদল বাংলাদেশ আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, নজরুল একাডেমি, শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, শিশু একাডেমি, জাতীয় জাদুঘর এবং অন্যান্য সামাজিক - সাংস্কৃতিক সংগঠন।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর ১৯৭৬ সালের এইদিনে বাংলা সাহিত্য ও সংস্কৃতির অনন্য এই কবি ঢাকায় দেহত্যাগ করেন। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে ১৮৯৯ সালের ২৪ মে তাঁর জন্ম।  

কবির অমিয় কবিতা প্রবাহ এই উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলন আর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অন্যতম প্রেরণা হিসেবে কাজ করে।

জাতীয় কবির ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে রাজধানীতে কয়েক দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।