জাতীয় কবির ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নজরুল ইন্সটিটিউটের কর্মসূচি
আগামীকাল রোববার জাতীয় কবি নজরুল ইসলামের ৩০তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে ধানমন্ডিতে নজরুল ইন্সটিটিউট কবি ভবনে চার দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
নজরল ইন্সটিটিউটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকালে ইন্সটিটিউটের পক্ষ থেকে কবি মাজারে পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে চারদিনব্যাপী কর্মসূচির উদ্ধোধন করা হবে।
এতে আরো জানানো হয়, বিকাল ৫ টায় ইন্সটিটিউটের মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলমগীর কবির। ইন্সটিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. আশরাফ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল কাইয়ুম। স্বাগত ভাষণ দেবেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক কবি আব্দুল হাই শিকদার।
আলোচনায় অংশ নেবেন অধ্যাপক মোহাম্মদ আব্দুল কাইউম, ড.মাহবুব উল্লাহ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবদুর রাজ্জাক এবং কবি নাতনী খিলখিল কাজী।
সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় শিল্পীবৃন্দ আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করবেন।
