উদীচী হত্যা মামলার বিচারের দাবিতে বৃহস্পতিবার দেশব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ শুরু
১৯৯৯ সালের ৬ মার্চ যশোরে উদীচী হত্যাকান্ডের বিচারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার যশোরে ও কেন্দ্রীয়ভাবে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু হবে।
বুধবার উদীচী হত্যা মামলার পুনঃতদন্ত ও বিচার আন্দোলন জাতীয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গণস্বাক্ষর অভিযান উদ্বোধন করবেন অধ্যাপক কবীর চৌধুরী, সরদার ফজলুল করিম, অধ্যাপক খান সরওয়ার মুর্শিদ, বিচারপতি কেএম সোবহান, হেনা দাস, অধ্যাপক মোশাররফ হোসেন, কবি মাহবুব উল আলম চৌধুরী, অধ্যাপক মুস্তাফা নুর উল ইসলাম, শিল্পী ইমদাদ হোসেন, অধ্যাপক ড. আনিসুজ্জামান, ফয়েজ আহমেদ প্রমুখ।
দেশের শীর্ষস্থানীয় আইনজীবী, পেশাজীবী, সাংবাদিক, ছাত্র, যুব, নারী, কৃষক-শ্রমিক, ক্ষেতমজুর, শিশু-কিশোর ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ গণস্বাক্ষর অভিযানে অংশ নেবেন।
বিজ্ঞপ্তিতে কমিটি দেশের সকল বিবেকবান, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ব্যক্তিদের প্রতি অভিযানে অংশ নেওয়ার জন্য আহবান জানিয়েছেন।
