বরেণ্য কবি শামসুর রাহমানের অবস্থার আরও অবনতি
কবি শামসুর রাহমানের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
কবিকন্যা সুমি রাহমান বিডিনিউজকে বলেন, কবির যকৃত ও ফুসফুস ঠিকমতো কাজ করছে না, রক্তচাপও ঘন ঘন উঠানামা করছে।
কর্তব্যরত চিকিৎসকরা জানান, কবির শারীরিক অবস্থার অবনতির ফলে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর বিষয়টি অনিশ্চিত হয়ে যাচ্ছে। মঙ্গলবারও কবিকে একনজর দেখতে আসা তার গুণমুগ্ধরা আইসিইউর ফটকে উৎকণ্ঠিত প্রহর অতিবাহিত করেছেন, কিন্তু কাউকেই তার সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়নি।
আইসিইউতে কর্তব্যরত চিকিৎসকরা জানান, মঙ্গলবার কবির অবস্থা আগের দিনের চেয়ে আরও অবনতি ঘটেছে। তার রক্তচাপের অবস্থাও আশঙ্কাজনক। কবিকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে। তার রক্তচাপ স্বাভাবিক রাখার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কর্তব্যরত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা কবির প্রতি সার্বক্ষণিক সতর্ক নজর রাখছেন।
উল্লেখ্য, শ্বাসকষ্টসহ নানাবিধ বার্ধক্যজনিত রোগের চিকিৎসার জন্য কবি শামসুর রাহমানকে ৬ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।
