শিশুশিল্পী হাবিব গান গেয়ে টিকিয়ে রেখেছে সংসার
‘চট্টগ্রাম থেকে মেঘনা ট্রেনে করে গান গাইতে গাইতে চাঁদপুর। সেখান থেকে ঢাকা যাওয়ার লঞ্চে গান গাই। ঢাকা থেকে লঞ্চে গান গাইতে গাইতে আবার চাঁদপুর।
এভাবে দুই-তিন গান গেয়ে চার-পাঁচশ’ টাকা নিয়ে বাড়ি যাই।’ এক নিঃশ্বাসে এ কথাগুলো বলে দম নেয় হাবিব। চাঁদপুর থেকে ঢাকাগামী একটি লঞ্চে হাবিবের সাথে দেখা। লঞ্চের যাত্রীদের গান গেয়ে শুনাচ্ছিল হাবিব। তার সাথে আলাপ হয় ওই লঞ্চেই।
হাবিবের বয়স দশ বছর। গানই তার ও তার পরিবারের জীবিকার একমাত্র উপায়। সেই সূত্রে এখন গানই তার জীবন ও জীবনযাপন।
হাবিব জানায়, বেশি দিন নয়। গত কয়েক মাস ধরে এভাবে গান গাইছে সে। তার এই গান শুনে যে যা দেয় তা দিয়েই ভাত জোটে তার পরিবারের সাতজন মানুষের।
হাবিবের বাড়ি চট্টগ্রাম জেলার মহেশখালী উপজেলার ফড়িয়াছড়া গ্রামে। আলাপকালে হাবিব জানায়, ৫০ টির মতো গান জানে সে। সে আধুনিক , আঞ্চলিক, পল্লিগীতি, ভাণ্ডারি, দেশাত্মবোধক, নজরুল সঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত, উর্দু, হিন্দি, ছিয়ার এবং ইসলামি গজল মিলিয়ে শিশুশিল্পী হাবিবের ৫০ টি গানের সঙ্গীত ভাণ্ডার।
হাবিব জানায়, বাবা বিয়ে বাড়ি ও মেহেদী অনুষ্ঠানে গান গেয়ে উপার্জন করত। বাবার অসুখ। তাই আমাকেই সংসারের হাল ধরতে হয়েছে।
গান কার থেকে শিখেছ? জানতে চাইলে হাবিব জানায়, কেন বাবার কাছেই তো।
চার ভাই ও এক বোনের মধ্যে হাবিব দ্বিতীয়। বড় ভাই কলিমুল্লা (১৩) বাবার মতোই ‘পোয়াপাতি’ রোগাক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছে। অন্যান্য ভাইবোন তার ছোট।
