বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হচ্ছে
বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা বৃহস্পতিবার সারা দেশে উদযাপিত হচ্ছে।
৫৬৩ খ্রিস্টপূর্বের এই দিনে তিনি জন্মগ্রহণ, বোধিলাভ এবং মহাপরিনিবান লাভ করেন। এবছর বিশ্বব্যাপী পালিত হচ্ছে ২৫৫০ বুদ্ধ জয়ন্তী উৎসব। বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব।
মহামতি গৌতম বুদ্ধের আদর্শ ছিলো অহিংসা ও মানবপ্রেম। এ আদর্শ বাস্তবায়নে তিনি সারা জীবন সাধনা করেছেন। নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে তিনি প্রমাণ করে গেছেন যে, ভোগ নয় ত্যাগই মানব জীবনকে গরীয়ান ও মহীয়ান করে তোলে।
গৌতম বুদ্ধ মানুষকে সত্য, ন্যায় ও সৎ পথে চলার উপদেশ দিয়ে গেছেন। তার অহিংসা, মৈত্রী, শান্তি ও সাম্যের বাণী মানুষকে আলোর পথ দেখায়।
বৌদ্ধ সম্প্রদায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বৌদ্ধ পূর্ণিমা দিবসটি পালন করছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে প্রভাত ফেরি, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, শান্তির শোভাযাত্রা, বুদ্ধপূজা ও সমবেত উপাসনা, ভিক্ষু সংঘকে পিন্ডদান এবং আলোচনা সভা।
এই দিনটি উপলক্ষে বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলো অনুষ্ঠানমালা প্র্রচার করছে।
