২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাপ্তাই লেকের জলে ভেসে ওঠা চাকমা রাজবাড়ি একটি প্রতœতাত্বিক জাতীয় সম্পদ, রক্ষার দায়িত্ব সরকারের: বিডিনিউজকে রাজা দেবাশিষ রায়

চাকমা রাজা ব্যারিস্টার দেবাশিষ রায় প্রায় অর্ধ শতাব্দী পরে রাঙ্গামাটির কাপ্তাই লেকের পানিতে ভেসে ওঠা চাকমা রাজবাড়ি রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2006, 05:15 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

তিনি বলেন, এই পুরনো রাজবাড়ি শুধু পার্বত্য চট্টগ্রামবাসীর ঐতিহ্যগত সম্পদ নয়। প্রতœতাত্বিক বিচারে এটি এখন একটি জাতীয় সম্পদ। তাই এর সার্বিক দেখভাল করার দায়িত্ব সরকারের।

রাজা দেবাশিষ রায় মঙ্গলবার বিডিনিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলেন।

১৯৬০ সালে কাপ্তাই জলবিদ্যুত নির্মাণের পরিপ্রেক্ষিতে পার্বত্য চট্টগ্রামের প্রায় ৫৪ হাজার একর চাষযোগ্য জমি জলমগ্ন হয়। উদ্বাস্তু হয় প্রায় এক লাখ আদিবাসী পাহাড়ি।  সে সময় কাপ্তাই লেকের পানিতে তলিয়ে যায় পুরোনো রাজবাড়ি।

এখন গ্রীষ্ম মৌসুমে লেকের পানি অস্বাভাবিক মাত্রায় কমে যাওয়ায় ওই রাজবাড়িটি আবার ভেসে উঠেছে। রাজবাড়িটি লোককথায়, গানে ও ছড়ায় পাহাড়ি সংস্কৃতির একটি বড় অংশ জুড়ে আছে। এর সঙ্গে জড়িত রয়েছে পাহাড়ের ১৩ টি ক্ষুদ্র জাতি সত্ত্বার আবেগ -- অনুভূতি।

এরই মধ্যে ওই রাজবাড়িটি দেখতে দলে দলে কৌতুহলী পাহাড়ি -- বাঙালি ভীড় জামাচ্ছে। এক দল দুর্বৃত্ত লুটপাটও করছে রাজবাড়ির বিভিন্ন মূল্যবান প্রতœতাত্তিক সামগ্রী।

রাজা দেবাশিষ রায় বলেন, আমি এরই মধ্যে খবর পেয়েছি, পুরোনো ওই রাজবাড়ির প্রতœতাত্তিক সম্পদ এখন হুমকির মুখে। এ জন্যে এই সম্পদটির নিরাপত্তা রক্ষা করাও জরুরি।

তিনি স্মৃতিচারণ করে বলেন, পুরোনো রাজবাড়িটি যখন কাপ্তাই লেকের পানিতে তলিয়ে যায়। তখন আমার বয়ষ মাত্র এক বছর। কাজেই এ সম্পর্কে আমার কোনো স্মৃতি নেই। কিন্তু আমার বাবা রাজা ত্রিদিব রায় একটি ৮ মিমি. ফ্রেমে পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করা হয়। আমি বড় হয়ে অনেকবার সেই ফুটেজটি দেখেছি।

তিনি আরো বলেন, আমি বড়দের কাছে শুনেছি; ইতিহাস ঘেঁটে দেখেছি, কাপ্তাই লেকের ফলে রাজপরিবারই যে ক্ষতিগ্রস্থ হয়েছে তা নয়। এর ফলে এক লাখ পাহাড়ি উদ্বাস্তু হন। অনেকে পাড়ি জমান অরুণাচল, মিজোরাম, ত্রিপুরায়। একই সঙ্গে রাজবাড়ির আশেপাশে যে আদিবাসী বাঙালি বসতি ছিলো, তারাও স্থানান্তরিত হন।

চাকমা রাজা দেবাশিষ রায় বলেন, উন্নয়নের নামে করা কাপ্তাই জলবিদ্যুত প্রকল্প এভাবেই বদলে দেয় পার্বত্য চট্টগ্রামের ইতিহাস, রাজনীতি, অর্থনীতি; এমনকি ভৌগলিক পরিবেশ।

১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তির আগেও আদিবাসী পাহাড়িদের বার বার বাস্তুচ্যূত হতে হয়েছে। তাদের জীবনে নেমে  এসেছে অশেষ দুঃখ -- কষ্ট।

তিনি জানান, ১৭৯৮ সালের জরিপ অনুযায়ী, চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রাজানগরে ছিলো চাকমা রাজার আদি রাজবাড়ি। এখনো ওই রাজবাড়ি এবং মন্দিরের কিছু ধ্বংসাবশেষ সেখানে আছে। ওই সময় রাঙ্গামাটিতে চাকমা রাজার একটি খামারবাড়ি ছিলো। পরে রাজা ভুবন মোহন রায় ওই আলোচিত রাজবাড়িটি ঊনবিংশ শতাব্দীর শুরুতে নির্মাণ শুরু করেন। বিংশ শতাব্দীর শুরুতে এর নির্মাণ কাজ শেষ হয়। নির্মাণ শৈলী, আয়তন ও ঐতিহ্যে এটি একটি বিস্ময়কর স্থাপনা।