কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৪৫ তম জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছে
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৪৫ তম জন্মবার্ষিকী সোমবার যথাযোগ্য মর্যাদায় সারাদেশে উদযাপিত হচ্ছে। ১৮৬১ সালের এই দিনটিতে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে এই মহান প্রতিভাধর মানুষটির জন্ম হয়। তিনি দেবেন্দ্রনাথ ঠাকুরের ১৪ তম সন্তান ছিলেন।
বাংলাসাহিত্যে রবীন্দ্রনাথ এক অপার বিস্ময়ের নাম। শিল্প-সাহিত্যের এমন কোন শাখা নেই যা তাঁর প্রতিভার স্পর্শে ব্যঞ্জনাদীপ্ত হয়ে ওঠেনি।
তিনি একাধারে কবি, ছোট গল্পকার, ঔপন্যাসিক, শিশু সাহিত্যিক, রবীন্দ্র সঙ্গীতের স্রষ্টা ও চিত্রশিল্পী। শুধু বাংলাসাহিত্য নয়, বিশ্বসাহিত্যেরও এক অমর ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ। কবিগুরু বাংলাদেশ এবং ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতাও। তিনি ১৯১৩ সালে বাংলাসাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক-সামাজিক সংগঠন সারাদেশে বিভিন্ন অনুষ্ঠান পালন করছে। জাতীয় দৈনিকগুলো বিশেষ সংখ্যা প্রকাশ করছে। টিভি চ্যানেলগুলোতেও নানা অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে। সরকারিভাবে আয়োজন করা হয়েছে দুইদিনব্যাপী অনুষ্ঠানমালার।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জাতীয় পর্যায়ে তিনদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। এসব অনুষ্ঠানের মধ্যে রয়েছে বইমেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী এবং তাঁর সাহিত্যকর্ম বিষয়ক আলোচনা-সভা।
