২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃটেনে ঐশ্বরিয়া রায়ের প্রথম ইংরেজি ছবি ৮৫,৫৬৩ পাউন্ড ব্যবসা করেছে

ভারতীয় চলচ্চিত্র জগতের শীর্ষস্থানীয় অভিনেত্রী ঐশ্বরিয়া রায়ের প্রথম ইংরেজি ছবি ‘মিস্ট্রেস অব স্পাইসেস’ বৃটেনে বিগত দুই সপ্তাহে ৮৫,৫৬৩ পাউন্ড ব্যবসা করেছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2006, 01:55 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

ভারতে ২৮ এপ্রিল এই ছবিটি মুক্তি পাওয়ার এক সপ্তাহ আগেই লন্ডনে ছবিটি মুক্তি পেয়েছে।

ঐশ্বরিয়া তার হলিউডের প্রথম ছবিতে ব্রিটিশ সমালোচকদের খুব বেশি দৃষ্টি আকর্ষণ করতে না পারলেও দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং শ্রীলংকায় ঐশ্বরিয়ার ভক্তরা তার প্রথম হলিউড ছবির উচ্ছসিত প্রশংসা করেছে এবং সিনেমা হলে ভিড় জমিয়ে ছবিটি উপভোগ করেছে।

লন্ডনে আপটন পার্কে ‘বাউলিন’ থিয়েটারে ছবিটি দেখে তার একজন ভক্ত বলেন, ‘ছবিটি বেশ ভালোই; আমেরিকান নায়কের সাথে ঐশ্বরিয়াকে বেশ ভালোই মানিয়েছে’।

বার্মিংহাম সিটি সেন্টারের বিখ্যাত চেইন মুভি থিয়েটার ‘ওডিয়েন’-এর কর্মকর্তারা বিডিনিউজকে বলেন, ‘আমরা ঐশ্বরিয়ার ছবিটির জন্য দর্শকদের কাছ থেকে খুব ভালো সাড়া পেয়েছি’।

কিন্তু ব্রিটিশ সমালোকরা বলেন, এই ছবিতে অভিনয় করতে গিয়ে ঐশ্বরিয়া বেশ কঠিন অবস্থার মুখেই পড়েছিলেন।

এই ছবিতে ঐশ্বরিয়া বিভিন্ন প্রকার মশলা’র মাধ্যমে রোগ নিরাময়ে পারদর্শী ‘টিলো’ নামের একজন যুবতী মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন।

লেখিকা চিত্রা ব্যানার্জি দিবাকারুনি’র উপন্যাস অবলম্বনে ‘মিস্ট্রেস অব স্পাইসেস’ ছবিটি নির্মিত হয়েছে। ছবিতে ঐশ্বরিয়া রায় ৪৪ বছর বয়স্ক আমেরিকান অভিনেতা ডিলান ম্যাকডারমট- এর বিপরীতে অভিনয় করেছেন।

ছবিটি পরিচালনা করেছেন ‘বেন্ড ইট লাইক বেকহ্যাম’ খ্যাত পরিচালক গুরিন্দর চাদ্দা’র স্বামী পল মেইদা বার্জেস। পরিচালক হিসেবে এটিই পলের প্রথম ছবি।