২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুদের বোঝায় জর্জরিত ‘বাউল সম্রাজ্ঞী’ কাঙ্গালিনী সুফিয়া, একমাত্র অবলম্বন বাড়িটিও বিক্রি করবেন

‘পরানের বান্ধবরে বুড়ি হইলাম তোর কারণে’ খ্যাত বাউল শিল্পী কাঙ্গালিনী সুফিয়া এখন ঋণের বোঝা ও ধার দেনায় জর্জরিত। এছাড়া রোগ শোক আর নানা দুর্ঘটনা তার নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2006, 06:08 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

এ পরিস্থিতিতে ঋণের সুদ আর ধার দেনা শোধ করতে মাথা গোঁজার একমাত্র অবলম্বন সাভার পৌর এলাকার জয়পুরার বসত বাড়িটি বিক্রি করতে ক্রেতা খুঁজছেন।

সূত্র জানায়, কাঙ্গালিনী সুফিয়া টেলিভিশন ও রেডিওতে তালিকাভূক্ত প্রথম শ্রেণীর শিল্পী হলেও বেশ কয়েক বছর ধরে তাকে আর সেখান থেকে ডাকা হয়না। কয়েকদিন আগে তিনি রামপুরাতে বাংলাদেশ টেলিভিশন ভবনের গেটের সামনে দাঁড়িয়েছিলেন। ভেতরে ঢোকার  অনুমতি না পেয়ে ফিরে এসেছেন। বিগত ছয় থেকে সাত বছর বাংলাদেশ বেতার থেকেও তাকে ডাকা হয়নি বলে জানালেন বাউল সম্রাজ্ঞী কাঙ্গালিনী সুফিয়া।

১৯৭৭ সাল থেকে এ পর্যন্ত তার প্রকাশিত ক্যাসেটের সংখ্যা প্রায় চার শতাধিক। দেশের বাইরে সাংস্কৃতিক দলের সদস্য হয়ে তিনি চীন, হংকং, দক্ষিণ কোরিয়া, কাতার, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করে, গান গেয়ে সেখানকার শ্রোতাদের মুগ্ধ করেন।     

এদিকে রোগ শোক আর নানা দুর্ঘটনা এই গুনী শিল্পীর পিছু ছাড়ছে না। এরমধ্যে দুই বছর আগে তার পিত্ত থলির পাথর অপসারণে অপারেশন, পানি গরম করতে গিয়ে বিস্ফোরণে মুখমণ্ডল ঝলসে যাওয়া ও বিদ্যুতায়িত হয়ে একমাত্র নাতি সোহেলের মৃত্যু তাকে অনেক খানিই কাবু করে ফেলেছে। আর সর্বশেষ গত ৫ মার্চ কুষ্টিয়ায় লালন সেতুর কাছে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। ওই ঘটনায় তার মুখের বিভিন্ন স্থানে ১৮টি সেলাই দিতে হয়। চিকিৎসা ব্যায় বাবদ তার কাছে হাসপাতাল কর্তৃপক্ষের পাওনা রয়েছে মোটা অংকের বকেয়া টাকা।

এছাড়া বিভিন্ন জনের কাছ থেকে উচ্চ সুদে নেয়া ঋণের ভারেও তিনি জর্জরিত। তার আট মাস বয়সী পুত্র সন্তান থাকে কুষ্টিয়াতে তার দাদা দাদীর কাছে। স্বামী বাউল শিল্পী শেখম থাকে লন্ডনে। তিনি সেখানে সামান্য বেতনে এসটিভির খন্ডকালীন তবলাবাদক হিসেবে  কর্মরত আছেন।

কাঙ্গালিনী সুফিয়া এর আগে বিভিন্ন সময়ে ১০ বার লন্ডনে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। সম্প্রতি তিনি ঢাকাস্থ যুক্তরাজ্য দূতাবাসে আবেদন জানিয়েও ভিসা পাননি বলে আক্ষেপ প্রকাশ করেন। বিভিন্ন দেশ ও রাষ্ট্র থেকে পাওয়া সম্মাননা পত্রও তিনি বের করে দেখান।

তিনি ক্ষোভ ও আক্ষেপ করে বলেন, চিকিৎসকরা তার মুখমণ্ডলের আঘাতের স্থানে উন্নত চিকিৎসা ও প্লাস্টিক সার্জারির জন্যে লন্ডন যওয়ার পরামর্শ দিয়েছে। কিন্তু দূতাবাস তাকে ভিসা দিচ্ছে না।

এছাড়া সরকার এবং সমাজের বিত্তশালীরা কেউ পাশে এসে দাঁড়াচ্ছেন না গুণী এই শিল্পীর বিপদের দিনে।