শামসুর রাহমান ভারতের টিএলএম সালাম পুরস্কার পেলেন
বিশিষ্ট কবি শামসুর রাহমান ভারতের টিএলএম সালাম পুরস্কার লাভ করেছেন।
এ বছর থেকে দি লিটিল ম্যাগাজিন পত্রিকা প্রতি বছর উপন্যাস, কবিতা ও নাটক -- সাহিত্যের এই তিনটি বিভাগে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে। দি লিটিল ম্যাগাজিন’র সম্পাদক অন্তরা দেব সেন।
কবিতায় টিএলএম সালাম (দি লিটিল ম্যাগাজিন সাউথ এশিয়ান লিটারেচার অ্যাওয়ার্ডস ফর দি মার্স্টাস) নামের এই পুরস্কার লাভ করেন কবি শামসুর রাহমান। পুরস্কারের মূল্যমান এক লাখ রুপি।
এছাড়া কমলা দাস (ভারত, মালায়লাম ভাষায়) উপন্যাসে এবং বিজয় টেন্ডুলকার (ভারত, মারাঠী ভাষায়) নাটকে পুরস্কার লাভ করেন।
টিএলএম সালাম’র জুরী বোর্ডের সদস্য ছিলেন ভারতের উইআর অন্তরমূর্তী, গুলজার, নবনীতা দেব সেন, মৃনাল পান্ডে, কে শচীনানন্দ, বাংলাদেশের সেলিনা হোসেন এবং পাকিস্তানের জাহেদা হিনা।
আগামী ২৭ মার্চ দিল্লিতে অনুষ্ঠিত হবে পুরস্কার প্রদান অনুষ্ঠান। এতে বাংলাদেশের পক্ষে উপস্থিত থাকবেন কবি শামসুর রাহমান ও কথা সাহিত্যিক সেলিনা হোসেন।
