কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় ৩ দিনব্যাপী লালন স্মরণোৎসব মঙ্গলবার শুরু হচ্ছে
কুষ্টিয়া শহরতলীর ছেঁউড়িয়ায় মঙ্গলবার থেকে শুরু হচ্ছে লালন স্মরণোৎসব ও তিনদিনব্যাপী বাউল মেলা।
ইতোমধ্যেই এর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যোগাযোগমন্ত্রী ব্যারিষ্টার নাজমুল হুদা মঙ্গলবার সন্ধ্যায় এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বাউল সম্রাট ফকির লালন শাহ’র মাজার সংলগ্ন বিশাল ফাঁকা মাঠে মেলার জন্যে দুই শতাধিক স্টল বসেছে। বর্ণিল সাজে সাজানো হয়েছে মাজারসহ গোটা এলাকা। ইতোমধ্যেই কয়েক হাজার লালন ভক্ত, সাধু ও বাউল ছেঁউড়িয়ায় লালন মাজারে হাজির হয়েছেন। জঙ্গি হামলা বা নাশকতামূলক ঘটনার আশংকায় মাজার প্রাঙ্গনে এবারই প্রথম অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হয়েছে। এছাড়াও বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, ফকির লালন শাহ তার জীবদ্দশায় প্রতিবছর চৈত্রের দোলপূর্ণিমা রাতে বাউল ফকিরদের নিয়ে উৎসব বসাতেন। ১৮১৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক লালনের মৃত্যুর পরও তার ভক্তরা ওই উৎসব চালিয়ে আসছেন। বর্তমানে লালন একাডেমীর পরিচালনায় ও সংস্কৃতিক মন্ত্রনালয়ের সহযোগিতায় তিনদিন ধরে জাতীয়ভাবে অত্যন্ত জাকজকপূর্ণ এ উৎসব পালন করা হয়। এছাড়াও পহেলা কার্তিক লালনের মৃত্যু দিবসে এখানে আরেকটি উৎসব বসে।
গত কার্তিকে রমজান মাস থাকার কারণে একদিন মাত্র অনুষ্ঠান চলায় লালন ভক্ত - অনুরাগীরা অসন্তুষ্ট ছিলেন। সে কারণে আয়োজকরা মনে করছেন, এবার প্রচুর লোক সমাগম ঘটবে।
লালন একাডেমির বিশাল মাঠ থাকার পরও এবার স্থান সংকট প্রকট আকার ধারণ করতে পারে বলেও অনেকে মনে করছেন। মূল মাজার চত্বরের দু’টি টিউবওয়েল নষ্ট হয়ে যাওয়ায় এ বছর তীব্র পানি সংকট দেখা দিতে পারে বলে স্থানীয়রা জানান।
প্রতিদিন সন্ধ্যায় আলোচনা অনুষ্ঠান শেষ হলেই ভোর রাত পর্যন্ত একটানা চলবে লালনের গান। মাদারীপুর থেকে আসা লালন অনুসারী শেফালী বেগম বলেন, এ বছর দিয়ে আমার দু’বার আসা হলো। আল্লাহ - রাসুলের দর্শন পেতে আত্মার টানেই এখানে ছুটে আসি।
