১ মার্চ থেকে শুরু হচ্ছে ৩য় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
১ মার্চ থেকে ৬০টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে বাংলাদেশ ৩য় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
রাজধানী ঢাকা সহ নারায়নগঞ্জ ও বন্দর নগরীর বিভিন্ন সিনেমা হলে এবং মিলনায়তনে ১৬ মার্চ পর্যন্ত এ উৎসবে ১১১টি চলচ্চিত্র পদর্শন করা হবে।
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উৎসবের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
এক সংবাদ সম্মেলনে সোমবার এই উৎসবের আয়োজকরা জানান, চলচ্চিত্রের সাথে জড়িত ও বিভিন্ন চলচ্চিত্র নির্মাতাদের সাথে মিলিতভাবে এবার দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হচ্ছে।
সংগঠনগুলো হল-বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটি, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম সোসাইটি, বাংলাদেশ মোশন পিকচার এক্সিবিটরস্ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফিল্ম প্রোডিউসারস্ ডিস্ট্রিবিউটরস্ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সিনমাটোগ্রাফারস্ সোসাইটি এবং বাংলাদেশ ফিল্ম আর্টিস্ট এ্যাসোসিয়েশন।
আয়োজকরা জানায়, গত ৫০ বছরে বাংলাদেশের চলচ্চিত্রের অন্তত ১৩টি চলচ্চিত্র এখানে প্রদর্শিত হবে।
উৎসবের পরিচালক গোলাম রাব্বানী বিপ্লব সংবাদ সম্মেলনে এই লিখিত বক্তব্য পড়ে শোনান। এছাড়া উৎসব কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ প্রাইভেটাইজেশন বোর্ডের চেয়ারম্যান এনাম আহমেদ চৌধুরী, এম শরিফুল ইসলাম, হাবিবুর রহমান এবং আজাদ রহমান সম্মেলনে উপস্থিত ছিলেন।
এক প্রশ্নে জবাবে তিনি বলেন, বিভিন্ন সিনিমা হলের পাশপাশি জাতীয় জাদুঘরের অডিটোরিয়ামে, পাবলিক লাইব্রেরি ও শিল্পকলা একাডেমীতে এইসব চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
সিনেমা হলগুলোর মালিকরা তাদের ইচ্ছেনুযায়ী টিকেটের দাম নির্ধারণ করলেও অডিটোরিয়ামে প্রথম তিনটি শো’র টিকিট ২০টাকা এবং শেষের দুটি শো ৩০টাকা নির্ধারণ করা হয়েছে।
এই উৎসবে তিনজন ব্যক্তিকে ‘আজীবন সম্মননা’ পুরুস্কারে ভূষিত করা হবে এবং শ্রেষ্ঠ চলচ্চিত্রের নাম ঘোষণা করা হবে।
