কলকাতায় অমর একুশে পালিত
যথাযোগ্য মর্যাদায় পশ্চিম বঙ্গের রাজধানী কলকাতায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা শহরগুলোতেও প্রশাসনের উদ্যোগে যথাযথ গুরুত্বের সঙ্গে দিনটি পালিত হয়। পাশাপাশি ত্রিপুরার রাজধানী আগরতলা এবং আসামের বাংলা ভাষাভাষী অঞ্চলে অমর একুশে পালিত হওয়ার খবর পাওয়া গেছে।
একুশের রাত ১২ টা ১ মিনিটে কলকাতার কার্জন পার্কে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা ও চেতনা সমিতি। পরে তাদের উদ্যোগে মশাল মিছিল ও প্রভাত ফেরিতে অমর একুশের স্লোগান দিয়ে শহর পরিভ্রমণ করে।
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’- শহীদ স্মরণে এ গান উচ্চারিত হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য থেকে রাজ্যের সাধারণ মানুষের মুখে- মুখে।
সোমবার রাতে কলকাতায় ব্যাতিক্রম ধর্মী এক আবৃত্তি অনুষ্ঠানে সবার দৃষ্টি আকর্ষণ করেছে। একুশ উপলক্ষে সারা রাত শিশির মঞ্চে কবিতা পাঠের আসর বসেছিল।
বাংলাদেশ- ভারত মৈত্রী সমিতি ও সুচেতনা একাডেমী যৌথ ওই আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে। কলকাতার মেয়ার বিকাশরঞ্জন ভট্টাচার্য, কলকাতা দূরদর্শন কেন্দ্রের পরিচালক কবি জগন্নাথ বসু ছাড়াও অনুষ্ঠানে অংশ নেন রাজ্যের প্রতিথযশা বহু আবৃত্তিকার। তাদের মধ্যে অন্যতম ছিলেন রত্না মিত্র, ড. মায়া ঘোষ, উর্মিলা বসু, মলি দেবনাথ, পার্থ মুখোপাধ্যায়, পার্থ ঘোষ, গৌরি ঘোষ, চন্দন মজুমদার, প্রণতি অমিতাভ বাগচি, ঠাকুর শংকর রায় চৌধুরী।
মঙ্গলবার সকালে দুই বাংলার অসংখ্য বুদ্ধিজীবি এক বৈচিত্রময় সঙ্গীত অনুষ্ঠানে গান ও কবিতা আবৃত্তি করেন। বাংলাদেশের বুদ্ধিজীবী সৈয়দ হাসান ইমাম, টিভি ব্যাক্তিত্ব ও নৃত্য পরিচালক লায়লা হাসান, সাহিত্যিক বুদ্ধদেব গুহ, পল্লীগীতি শিল্পী অমর পাল, রাজ্য সরকারের শিক্ষা সচিব তপন বন্দ্যোপাধ্যায় সেখানে সঙ্গীত পরিবেশন করেন।
দুপুরে নেতাজী সুভাষচন্দ্র ইঞ্জিনিয়ারিং কলেজের বাংলাদেশী ছাত্র- ছাত্রীরা গড়িয়ার কলেজ ক্যাম্পাসে আয়োজন করে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।
ভাষা শহীদ বরকতের জন্মভূমি মুর্শিদাবাদের ভরতপুর বিধানসভা এলাকার বাবলা গ্রামে ছয় দিন ব্যাপী বরকত মেলা শুরু হয়েছে দুদিন আগেই। একুশে ফেব্রুয়ারির রাতে ওই গ্রামের ১৫ হাজার মানুষ মশাল হাতে একুশের গান গেয়ে গ্রাম পরিভ্রমণ করেন।
