সাংবাদিকতায় অবদানের জন্য ১১ জন নারীকে সম্মাননা প্রদান করেছে বিসিডিজেসি
সাংবাদিকতায় অবদানের জন্য বাংলাদেশের ১১ জন নারীকে সম্মাননা পুরস্কার দিয়েছে বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট জার্নালিজম অ্যান্ড কম্যুনিকেশন (বিসিডিজেসি)।
জাতীয় প্রেসক্লাবে বিসিডিজেসি আয়োজিত ‘নারী সম্মাননা প্রদান ২০০৪’ অনুষ্ঠানে মঙ্গলবার এ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা পুরস্কার পেলেন প্রথম আলোর সাব এডিটর সুপ্রীতি ধর, আমার দেশের প্রতিবেদক শিলা আফরোজা, জনকন্ঠের শিক্ষা ইন চার্জ রওশন আরা জলি, কুমিল্লার সাপ্তাহিক পাঠক বার্তার ইয়াসমিন রীমা, মানব জমিনের নাশরাত আর্শিয়ানা, চ্যানেল আইয়ের জান্নাতুল বাকেয়া কেকা, ভোরের ডাকের শিফট ইনচার্জ সালমা ইয়াসমিন রিতা, সংবাদের প্রতিবেদক রোজিনা ইসলাম, ডেইলি স্টারের সুলতানা রহমান, প্রথম আলোর সুমনা শারমিন। এছাড়া সিতারা মুসা পেয়েছেন জীবনব্যাপী অসামান্য অবদানের জন্য সম্মাননা।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ।
মন্ত্রী বলেন, সমাজে নারী-পুরুষের সমতা তথা নারীর ক্ষমতায়নে যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। সমাজের প্রতিক্ষেত্রে নারীর অংশ গ্রহণ নিশ্চিত করা হয়েছে। তাই সাংবাদিকতায় নারীদের অংশগ্রহণ বেড়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিডিজেসি’র নির্বাহী পরিচালক নাঈমুল ইসলাম খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউএনএফপিএ’র আবাসিক প্রতিনিধি ড. সুনিতা মুখার্জি, নরওয়ের রাষ্ট্রদূত অড লিস নরহেম, অ্যাপোলো হাসপাতালের নির্বাহী পরিচালক রিচার্ড আর লারসনসহ অনেকে।
