২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৯ম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু

নবম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মঙ্গলবার শুরু হয়েছে। উৎসব চলাকালে রাজধানী ঢাকার পাঁচটি ভেন্যুতে স্বাগতিক বাংলাদেশসহ ৩০টি দেশের ২০০টির মত চলচ্চিত্র প্রদর্শিত হবে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2006, 08:47 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

চলচ্চিত্র উৎসবের প্রধান ভেন্যু হচ্ছে সুফিয়া কামাল কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি। অন্য ভেন্যুগুলো হচ্ছে-জাতীয় জাদুঘরের শহীদ জিয়া মিলনায়তন, জার্মান সংস্কৃতি কেন্দ্র মিলনায়তন, রাশিয়ান সায়েন্স অ্যান্ড কালচারাল সেন্টার অডিটোরিয়াম এবং স্টার সিনেপ্লেক্স।

বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান জাতীয় জাদুঘরের শহীদ জিয়া অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোরশেদ খান বলেন, চলচ্চিত্রের অন্তর্নিহিত ক্ষমতা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। বাস্তবতাকে জানার ক্ষেত্রে ও বিভিন্ন সংস্কৃতির চলচ্চিত্র নির্মাতারা কিভাবে বাস্তবতাকে নির্মাণ করেছেন তা জানতে চলচ্চিত্র উৎসব একটি বড় ধরনের সুযোগ এনে দিতে পারে।

উৎসবের চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশস্থ নরওয়ের হাই কমিশনার উড লাইস নরহ্যাম, অস্ট্রেলীয় হাই কমিশনের ভারপ্রাপ্ত হাই কমিশনার রিচার্ড রজার্স, রেইনবো চলচ্চিত্র সংসদের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মোস্তফা কামাল এবং উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল উপস্থিত ছিলেন।

চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে দেশ-বিদেশের স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা, সাংবাদিক, চলচ্চিত্র সমালোচক, শিল্পী, অভিনেতা-অভিনেত্রী এবং বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

উৎসবের প্রথম দিনে ইরানী পরিচালক কামবোজিয়া পারাতভির ‘ক্যাফে ট্রানজিট’ চলচ্চিত্রটি প্রদর্শিত হয়।

নয়দিনব্যাপী চলচ্চিত্র উৎসবে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, কানাডা, কঙ্গো, চীন, চেক রিপাবলিক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, হংকং, আয়ারল্যান্ড, ভারত, ইরান, আইসল্যান্ড, ইন্দোনেশিয়া, জাপান, মেক্সিকো, নিউজিল্যান্ড, পাকিস্তান, পোল্যান্ড, পর্তুগাল, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, সিঙ্গাপুর, শ্রীলংকা, সুইডেন, সুইজারল্যান্ড এবং যুক্তরাজ্যের চলচ্চিত্র প্রদর্শিত হবে।

রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত চলচ্চিত্র উৎসবটি চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।