থার্টি ফার্স্ট নাইটে বন্দরনগরীর ভিন্ন চিত্র
আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর অযাচিত কঠোর বিধি নিষেধে থার্টি ফার্স্ট নাইটে বন্দর নগরী চট্রগ্রামের নাগরিক জীবন স্থবির হয়ে পড়ে।
আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নগরবাসীকে জোর করে নিজ নিজ বাড়িতে অবস্থান করতে বাধ্য করায় সমগ্র বন্দর নগরী শনিবার রাত ৯টার পরই অচল হয়ে পড়ে। একই সময়ে তারা রাস্তায় রাস্তায় অবস্থান নিয়ে পথচারিদের বিরুদ্ধে অ্যাকশনে নামে।
পাঁচশ’ র্যাব ও পাঁচশ’ দাঙ্গা পুলিশসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চারহাজার সদস্য রাস্তায় নেমে জনসাধারণের চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করলে নগরীতে জরুরী অবস্থা বা অঘোষিত কারফিউ- এর মত অবস্থার সৃষ্টি হয়।
নগরীর প্রায় ৫০টি পয়েন্টে হাত উঁচু করিয়ে পথচারিদের তল্লাশি চালানো হয়। একসাথে দুইজনের অধিক ব্যাক্তির চলাচলের ওপর কড়াকড়ি আরোপ করা হয়। বিভিন্ন যানবাহনেও ব্যাপক তল্লাশি চালানো হয়। রাতে মহাসড়কের আশেপাশের দোকানগুলো বন্ধ করে দেওয়া হয়।
নগরীর সকল শপিং কমপ্লেক্স ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করে দেওয়া হয়। পুলিশের কয়েকটি পৃথক দল রাত ৯টার সময় ওষুধের দোকানসহ রাস্তার পাশে ফুটপাথের দোকানগুলোও বন্ধ করতে বাধ্য করে।
পুলিশ পতেঙ্গা সমুদ্র সৈকতের মূল প্রবেশ পথ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে দর্শনার্থীদের বিকেল সাড়ে ৫টার মধ্যে বিচ ত্যাগ করার জন্যে মাইকে ঘোষণা দেয়। ৫টার পর সৈকতে অবস্থানকারী দর্শনার্থীদের ওপর পুলিশ মারমুখী অ্যাকশনে নামে এবং তাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে।
পুলিশ নগরীর বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে বেশ কয়েক জনকে আটকও করে। তবে পরে তাদের মধ্যে কয়েকজনকে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। তল্লাশিকালে পুলিশ রাত ১০টার দিকে নগরীর জিইসি ক্রসিং থেকে বিয়ারসহ এক যুবককে আটক করলেও পরে ছেড়ে দেয়।
পতেঙ্গা সি বিচ, নেভাল একাডেমী, পার্কি বিচ, ব্যাটেল হিলস, ডিসি পার্ক ও ওয়ার সিমেট্রিসহ বিভিন্ন ট্যুরিস্ট স্পট ও উন্মুক্ত স্থানগুলোও বিকাল ৫টার পর জোর করে বন্ধ করে দেওয়া হয়।
কিন্তু বিগত বছরগুলোতে বন্দর নগরীর বাসিন্দারা ভিন্ন আমেজে ইংরেজি নববর্ষ পালন করে থাকে।
এ ব্যাপারে চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, থার্টি ফার্স্ট নাইটে নগরীর কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং এই রাতে কাউকে গ্রেপ্তারও করা হয়নি।
তিনি আরো বলেন, তাদের কাছে তথ্য ছিল যে, জঙ্গিরা এ দিন রাতে বড় ধরনের কোন ঘটনা ঘটাতে পারে। যে কারণে নগরবাসী ও তাদের জানমালের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এ সকল বিধি নিষেধ আরোপ করা হয়।
