২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লালন মাজার: সর্ব্বোচ্চ আদালতের নির্দেশ মানছে না সরকার

সুপ্রীম কোর্টের নির্দেশের এক বছর পরও সরকার লালন মাজার পরিচালনার দায়িত্ব বাউলদের কাছে হস্তান্তর করছে না। সুপ্রীম কোর্ট ২০০৪ সালের ১১ ফেব্রুয়ারি লালন মাজারের পরিচালনার দায়িত্ব বাউলদের সংগঠন লালন মাজার শরীফ ও সেবা সদন কমিটির কাছে হস্তান্তরের নির্দেশ দেয়।

নিজস্ব প্রতিবেদক

তরুন সরকার,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2005, 09:50 AM

Updated : 26 Apr 2022, 06:05 PM

এরশাদের শাসনামলে লালনের মৃতুবার্ষিকীর অনুষ্ঠানে লালন মাজার বাউলদের কাছ থেকে লালন একাডেমী দখল করে নিয়েছিল। মাজার পরিচালনার দায়িত্ব ফিরে পেতে ১৯৮৫ সালে বাউলরা আদালতের শরণাপন্ন হন। দীর্ঘ ১৯ বছর আইনি লড়াই শেষে সুপ্রীম কোর্ট লালন মাজারে বাউলদের অধিকারের স্বীকৃতি দিয়ে লালন মাজার বাউলদের কাছে হস্তান্তরের নির্দেশ দেন।

সৃপ্রীম কোর্টের এ রায় সম্পর্কে বিশিষ্ট বুদ্ধিজীবী ও লালন আখড়া রক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, লালন মাজারে বাউলদের নৈতিক ও ঐতিহাসিক অধিকার রয়েছে। সুপ্রীম কোর্টের এই রায়ের ফলে লালন আখড়ায় বাউলদের আইনগত অধিকারও স্বীকৃতি পেয়েছে।

লালন ফকিরের মাজারের দখল নিয়ে সুপ্রীম কোর্টের আপীল বিভাগের রায় সম্পর্কে বাংলাদেশ বার কাউন্সিলের সহ সভাপতি ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেন, সংবিধান অনুযায়ী সকলকে সুপ্রীম কোর্টের নির্দেশ মানতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে লালন মাজারের দখল ও স্বত্ব নিয়ে সুপ্রীম কোর্টের রায় বাস্তবায়ন করা উচিত।

১৮৯০ সালে ফকির লালন সাঁইয়ের মৃত্যুর পর থেকে বাউলরা আখড়ার দুটি বাৎসরিক অনুষ্ঠান পালনসহ মাজার পরিচালনা এবং ভূমির কর পরিশোধ করে আসছেন। অন্যদিকে আইয়ুব খানের আমলে সরকার লালন ফকিরের গান সংগ্রহ ও গবেষণার জন্যে লালন মাজার চত্বরে লালন লোক সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠা করে। জিয়াউর রহমানের শাসনামলে লালন লোক সাহিত্য কেন্দ্র’র নাম পরিবর্তন করে লালন একাডেমী করা হয়। এরশাদের শাসনামলে লালন একাডেমী বাউলদের মাজার থেকে পিটিয়ে বের করে দিয়ে লালন মাজার দখল করে নেয়।

লালন মাজার শরীফ ও সেবা সদন কমিটির সভাপতি ফকির আনোয়ার হোসেন মন্টু শাহ জানান, ১৯৮৪ সালে ১৭ অক্টোবর তৎকালীন জেলা প্রশাসক ও লালন একাডেমীর সভাপতি লালন মাজারে ধর্মসভা এবং এর পাশাপাশি ‘বেশরিয়তি পথ’ থেকে ফিরে আসতে বাউলদের জন্যে তওবা অনুষ্ঠানের আয়োজন করেন। ওই সময় উপস্থিত বাউল-ফকিররা জেলা প্রশাসকের আদেশ অমান্য করে বিক্ষোভ প্রদর্শন করলে জেলা প্রশাসক লাঠিচার্জের নির্দেশ দেন। রিজার্ভ পুলিশ লালন ভক্তদের বেদম প্রহার করে মাজারের সীমানা থেকে বের করে দেয়।

বাউলদের সংগঠন লালন মাজার শরীফ ও সেবা সদন কমিটির তৎকালীন সভাপতি ফকির আনোয়ার হোসেন মন্টু শাহ, সাধারণ সম্পাদক ফকির শামসুল আলম ও কোষাধ্যক্ষ ফকির ইয়াসিন শাহকে ভয়ভীতি দেখিয়ে জেলা প্রশাসক মাজারে রক্ষিত সিন্দুকের চাবি নিয়ে নেন।

লালন মাজারের অধিকার ফিরে পেতে বিভিন্ন ধরণের তৎপরতার পর ১৯৮৫ সালের ১ জানুয়ারি বাউলরা আইনের আশ্রয় নেন। কুষ্টিয়া সহকারি জজ আদালতে লালন মাজার শরীফ ও সেবা সদন কমিটির সভাপতি আনোয়ার হোসেন মন্টু শাহ লালন মাজারে তাদের স্বত্ব ও অধিকার ফিরে পেতে মামলা দায়ের করেন। মামলার রায় ডিক্রিতে আদালত উল্লেখ করেন, ‘নালিশী সম্পত্তিতে বাদিগনের স্বত্ব, স্বার্থ দখল থাকার ঘোষণা দেওয়া গেল।’

আদালতের রায়ের পর মাজার বাউলদের কাছে হস্তান্তর না করে বিবাদীরা জেলা জজ আদালতে আপীল করে। এ অবস্থায় ১৯৯৭ সালে লালন মাজার শরীফ ও সেবা সদন কমিটি নিম্ন আদালতের রায় বাস্তবায়ন করতে হাইকোর্টে সিভিল রিভিশন দায়ের করলে হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখে। লালন একাডেমী তথা সরকার ২০০২ সালে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রীম কোর্টে আপীল করলে সর্ব্বোচ্চ আদালত হাইকোর্টের আদেশ বহাল রাখেন।

লালন একাডেমীর আহ্বায়ক ও কুষ্টিয়ার জেলা প্রশাসক জামাল এ নাসের চৌধুরীর কাছে বাউলদের কাছে মাজার হস্তান্তর না করা বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিডিনিউজকে বলেন, আমরা হস্তান্তর করবো। তবে বিষয়টি প্রক্রিয়াধীন। কবে হস্তান্তর করা হবে জানতে চাইলে তিনি সুনির্দিষ্ট কোন তারিখ উল্লেখ করেননি।

লালন আখড়া রক্ষা কমিটির আরেক আহ্বায়ক কবি শামসুর রাহমান এ প্রসঙ্গে বলেন, লালন মাজার বাউল সাধকদের সাধনা ও লালন সঙ্গীত চর্চার কেন্দ্র, তাদের তীর্থস্থান। ১০০ বছর ধরে বাউলরা সেখানে লালনের দর্শন ও সঙ্গীত চর্চা করে আসছে। মাজার পরিচালনার দায়িত্ব বাউলদের হাতে ফিরিয়ে দেওয়া উচিত।

অধ্যাপক আবুল আহসান চৌধুরী এ প্রসঙ্গে বলেন, লালন মাজার পরিচালনার দায়িত্ব বাউলদের কাছে না থাকলে নষ্ট হবে বাউল সংস্কৃতি। তিনি আরও বলেন, লালন মাজারের দায়িত্ব বাউলদের হাতে না থাকায় বাউলদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে বিঘ্ন ঘটছে।

এ ব্যাপারে লালন মাজার শরীফ ও সেবা সদন কমিটির সভাপতি ফকির আনোয়ার হোসেন মন্টু শাহ বলেন, লালনপন্থী বাউল ফকিররা গুরুবাদী মানব ধর্মের অনুসারী। তিনি বাউলদের তীর্থস্থান লালন মাজার অবিলম্বে বাউলদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।