সত্যজিত রায়ের ‘পথের পাঁচালি’ মুক্তির সুবর্ণ জয়ন্তী পালিত
বাংলা চলচ্চিত্র ইতিহাসের মাইলফলক সত্যজিত রায়ের ‘পথের পাঁচালি’। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যয়ের এই অমর সাহিত্য সত্যজিত রায়ের মননশীল পরিচালনায় চলচ্চিত্র ভাষার ব্যঞ্জনায় হয়ে উঠেছে এক অনন্য নান্দনিক সৃষ্টি।
শুক্রবার ‘পথের পাঁচালি’ মুক্তির ৫০ তম বার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এ অভিমত প্রকাশ করেন।
১৯৫৫ সালের ২৬ আগস্ট কলকাতায় সর্বপ্রথম মুক্তি পায় এ ছবিটি। ‘পথের পাঁচালি’র মাধ্যমে চলচ্চিত্রে আগমনের পর সত্যজিত রায় পরবর্তী সাড়ে তিন দশকে ‘অপুর সংসার’, ‘নায়ক’, ‘কাঞ্চনজঙ্খা’, ‘চারুলতা’, ‘ঘরে বাইরে’ প্রভৃতি চলচ্চিত্র নির্মানের মাধ্যমে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।
দিবসটি পালন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ‘সত্যজিতের জীবন ও চলচ্চিত্র’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে। সংসদের সভাপতি হাফিজুর রহমান টিটোর সভাপতিত্বে শহীদ মুনীর চৌধুরী কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্রকার সুভাষ দত্ত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওয়াহিদুল হক, সত্যজিত গবেষক আনোয়ার হোসেন পিন্টু এবং পরিচালক তানভীর মোকাম্মেল।
আলোচনা সভায় বক্তারা বলেন, পথের পাঁচালি আমাদের চলচ্চিত্র নিয়ে নতুন করে ভাবতে শিখিয়েছে। এতো চমৎকার করে সমাজ ও প্রকৃতির ছবি বাংলা চলচ্চিত্রে কেউ ফুটিয়ে তুলতে পারেননি।
দিবসটি পালন উপলক্ষে ‘সত্যজিত এর চলচ্চিত্র’ নামে একটি প্রকাশনা বের করে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওয়াহিদুল হক এর মোড়ক উম্মোচন করেন।
এছাড়া সন্ধ্যায় টিএসসিতে ‘পথের পাঁচালি’র বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
