২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আত্রোলি ঘরানা’র পাকিস্তানের কাওয়াল শিল্পীরা এখন ঢাকায়

উপমহাদেশের  ধ্রপদ সঙ্গীতের প্রখ্যাত ‘আত্রোলি ঘরানা’র কাওয়াল শিল্পীরা এখন ঢাকায়। গাউস মুহাম্মদ নাসির নিয়াজী কাওয়ালের ব্যক্তিগত উদ্যোগে আট সদস্যের একটি কাওয়ালি দল বাংলাদেশে  এসেছেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2005, 07:45 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

বিভিন্ন মাজার ও দরবার শরীফে তারা পরিবেশন করছেন উপমহাদেশের ঐতিহ্যবাহি সঙ্গীত কাওয়ালি।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারা বলেছেন, সরকার অনুমোদিত কোন প্রতিষ্ঠান আমন্ত্রণ করলে তারা সঙ্গীত পরিবেশন করতে ইচ্ছুক।

সঙ্গীতে আত্রোলি ঘরানা এবং আধ্যাত্মিকতায় চিশতিয়া তরিকার অনুসারি নাসির কাওয়াল। তিনি জানান, সুফি সাধক আবদুস শুকুর মলং বাবার অনুসারিদের বিভিন্ন দরবার পরিদর্শন ও জেয়ারত তাদের এবারের সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য।

নাসির নিয়াজী কাওয়াল বলেন, বাংলাদেশে এসে বাঙালি মুসলমান ভাইদের আতিথেয়তায় আমরা মুগ্ধ ও আনন্দিত।

নাসির নিয়াজীর পিতা মঈন নিয়াজী কাওয়াল মরমী সঙ্গীতের অন্যতম ধারা কাওয়ালি গানের এক মহান ব্যক্তিত্ব । দিল্লীর নিজামউদ্দিন আউলিয়ার মাজারে শুরু হয়েছিল তাঁর সঙ্গীত জীবন। জীবদ্দশায় পরিনত হন কিংবদন্তিতে। ১৯৮৮ সালে মারা যাওয়ার পর তার নামে পাকিস্তানের করাচিতে একটি সড়কের নামকরণ করা হয়েছে।

মঈন নিয়াজীর পুত্র নাসির নিয়াজী কাওয়াল বেড়ে উঠেছেন সঙ্গীতের মধ্য দিয়ে। পাকিস্তানসহ কাওয়ালি জগতে তিনি বর্তমানে বিশিষ্ট কাওয়াল শিল্পী হিসেবে পরিচিত। কাওয়ালি পরিবেশন করেন উর্দু, হিন্দি ও ফার্সি ভাষায়। ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে নাসির নিয়াজী কাওয়ালের অর্ধ শতাধিক অডিও ক্যাসেট, অডিও সিডি ও ডিভিডি প্রকাশিত হয়েছে।