২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউইয়র্কে বঙ্গ সম্মেলনের রজতজয়ন্তী অনুষ্ঠানে দুই বাংলার বরেণ্য ব্যক্তিত্বদের মহামিলন

প্রবাসে বাংলা ভাষাভাষীদের সবচেয়ে বড় সম্মেলন ‘বঙ্গ সম্মেলনের’ রজতজয়ন্তী উপলক্ষ্যে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী প্রণব মুখার্জি। নিউইয়র্কে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় এ উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2005, 09:15 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

মেডিসন স্কয়ার গার্ডেনের মূল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখিকা তসলিমা নাসরিন, মনিকা আলী, ঝুম্পা লাহিড়ী। সঙ্গীতশিল্পীদের মধ্যে ছিলেন ওস্তাদ রশিদ খান, মান্না দে, মিতালী মুখার্জী, শ্রীকান্ত আচার্যসহ অনেকে। চলচ্চিত্র ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন গৌতম ঘোষ, শর্মিলা ঠাকুর, প্রসেনজিৎ।

বাংলাদেশ ও ভারতের বরেণ্য ব্যক্তিত্বদের মিলনমেলা বসেছিল মেডিসন স্কয়ার গার্ডেনের মূল মিলনায়তনে। ।

আয়োজকরা জানান, উদ্বোধনী দিনে প্রায় দশ হাজার দর্শক উপস্থিত হয়েছেন। হাজার বছরের বাঙালি শিল্প-সংস্কৃতির ঐতিহ্য ও উত্তরাধিকার আগামী ৩ জুলাই পর্যন্ত তিন দিনব্যাপী এ সম্মেলনের মাধ্যমে তুলে ধরা হবে।

বঙ্গ সম্মেলনের প্রথমদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন উদ্যোক্তা সংগঠনের সভানেত্রী তুলসী সেনগুপ্ত, কংগ্রেসম্যান রিচার্ড গ্যারি ও অ্যান্থনি উইলিয়ামস।

উদ্বোধনী বক্তব্যে প্রণব মুখার্জি বলেন, সমুদ্রের ওপার থেকে আসা বাঙালিরা যে তাদের শিকড় থেকে পৃথক হয়ে যায়নি তারই নজির এ সম্মেলন।

উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম অতিথি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আমাদের যে দেশ সে দেশের সংবিধান বাংলায়, সে দেশের রাষ্ট্রভাষা বাংলা, বাংলা ভাষাভাষীর একমাত্র সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ, যারা রাষ্ট্রভাষার জন্য আত্মত্যাগ করেছিল।

বঙ্গ সম্মেলনের রজতজয়ন্তী উপলক্ষ্যে নিউইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনের মূল মিলনায়তন ছাড়াও হোটেল পেনসিলভানিয়া ও ম্যানহাটান সেন্টারের একাধিক বলরুমে এ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

উদ্যোক্তারা জানান, এবারের সম্মেলনে যুক্তরাষ্ট্র প্রবাসী প্রায় দুশ’ ৫০ জন শিল্পী সম্মেলনে সংগীত পরিবেশন করছেন।

১৯৮১ সালে নিউইয়র্কে বঙ্গ সংস্কৃতি সংঘের উদ্যোগে এ সম্মেলনের যাত্রা শুরু হয়। ১৯৮৯ সালে বেগম সুফিয়া কামাল এবং ১৯৯০ সালে উদ্বোধন কবি শামসুর রাহমান এ সম্মেলনের উদ্বোধন করেন।