যাত্রাশিল্প বিরোধী সরকারি আদেশ বাতিলের দাবিতে যাত্রাশিল্পীদের মানববন্ধন
যাত্রাশিল্পের অগ্রগতির জন্য প্রতিবন্ধকতাস্বরূপ সরকারি আদেশ বাতিলের দাবিতে রোববার নগরীর মুক্তাঙ্গনে বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ মানববন্ধনের আয়োজন করে।
জনপ্রিয় এই নাট্য আঙ্গিকটিকে টিকিয়ে রাখার জন্য তারা সরকারের কাছে সাত দফা দাবি পেশ করে এবং শীঘ্র তা বাস্তবায়নের আহ্বান জানায়।
বিডিনিউজের সঙ্গে আলাপকালে যাত্রা শিল্প উন্নয়ন পরিষদের সভাপতি রঞ্জন আলী মিয়া বলেন, ১৯৯১ সালের নভেম্বর মাস থেকে ১৯৯৬ সালের জানুয়ারি পর্যন্ত যাত্রা শিল্পের ওপর ছয় দফা সরকারি নিষেধাজ্ঞার প্রেক্ষিতে কোনও যাত্রানুুষ্ঠান মঞ্চায়িত হতে না পারায় এই শিল্পে ৩৩ কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি হয়।
যাত্রাশিল্পীদের দাবির মুখে সরকার এই আদেশ প্রত্যাহার করলেও নতুন আদেশ জারি করে যে যাত্রা মঞ্চায়নের জন্য জেলা প্রশাসকের পরিবর্তে সংশ্লিষ্ট পুলিশ সুপার এবং ওসি’র অনুমতির প্রয়োজন হবে এবং মঞ্চায়নকালে অপ্রীতিকর কিছু ঘটলে তার দায়-দায়িত্বও সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের ওপর বর্তাবে।
পরে এ আদেশ প্রত্যাহার করে যাত্রা মঞ্চায়নের জন্য আগের মতোই জেলা প্রশাসকের অনুমতি নেওয়ার আদেশ দেওয়া হয়।
তবে সম্ভাব্য অনাকাঙ্খিত ঘটনার দায় এখনও পুলিশের ওপরই থাকায় তারা অনুমতি প্রদানের ব্যাপারে অনীহা প্রকাশ করে আসছে।
পরিষদের নেতারা যাত্রাশিল্পের বিকাশের জন্য এই আদেশ প্রত্যাহারের দাবি জানায়। পাশাপাশি তারা যাত্রাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিবর্তে সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্তকরণ এবং যাত্রাশিল্পে অবদানের জন্য একুশে পদক প্রবর্তনসহ সাত দফা দাবি জানায়।
মানববন্ধনে নেতৃস্থানীয় যাত্রাশিল্পীর মধ্যে মিলন কান্তি দে, হাবিব সরোয়ার, প্রদীপ চক্রবর্তী, মুক্তি চক্রবর্তীসহ অনেকেই উপস্থিত ছিলেন।
