২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাবল অপারেটরদের কার্যক্রম মনিটরিং করতে নীতিমালা তৈরি হচ্ছে

ক্যাবল অপারেটরদের কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং ও অনুষ্ঠান প্রচারের নীতিমালা তৈরি করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2005, 08:07 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

তথ্যমন্ত্রী এম. শামসুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। রোববার ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক নীতিমালা সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির সভা শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ক্যাবল অপারেটর নিয়ন্ত্রণ নীতিমালা না থাকায় আপত্তিকর ছবি প্রদর্শণ করার পরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। নীতিমালা তৈরি করার পর তারা তা অনুসরণ না করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, ক্যাবল অপারেটররা জনগণের চাহিদা বিরোধী অনুষ্ঠান প্রচার করে

সমাজকে ক্ষতিগ্রস্থ করছে।

তথ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে তথ্যমন্ত্রী এম. শামসুল ইসলামের সভাপতিত্বে ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক নীতিমালা পুন:প্রণয়ন মন্ত্রীসভা কমিটির সভায় কমিটির সদস্য বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ড. আব্দুল মঈন খান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার মো. আমিনুল হক, পররাষ্ট্র মন্ত্রী এম. মোর্শেদ খান, শিক্ষা মন্ত্রী ড. এম. ওসমান ফারুখ,স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. লুৎফুজ্জামান বাবর এবং সংষ্কৃতি প্রতিমন্ত্রী সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

সভা সূত্র জানায়, সভায় টেলিভিশন নেটওয়ার্কের খসড়া নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া পে-চ্যানেল ডিস্ট্রিবিউটর প্রতিনিধিদের সাথে চ্যানেলের বিপণন নিয়েও আলোচনা হয়।

তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই কমিটির সপ্তম সভা শেষ হয়।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত তথ্য সচিব ড. মুহম্মদ মাহাবুবুর রহমান, শিক্ষা সচিব ফারুখ আহমেদ সিদ্দিকী, স্বরাষ্ট্র সচিব সফর রাজ হোসেন প্রমুখ।