২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে নবান্ন উৎসব: শহুরে ব্যস্ততায় ভিন্ন আয়োজন

রাজধানীর মানুষের নতুন ধানের পিঠা--পুলি খাবার বা গ্রামীণ নবান্ন উৎসবে যোগ দেওয়ার সময় কোথায়? তবু শুহুরে ব্যস্ততার মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় শুক্রবার সকালে গ্রামীণ নবান্নের আমেজে শুরু হয় দিনব্যাপী সপ্তম জাতীয় নবান্ন উৎসব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2005, 05:46 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

প্রখ্যাত আবৃত্তিকার ভাস্বর  বন্দোপাধ্যায় এবং লায়লা আফরোজের কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে উৎসবের প্রথম পর্বের সূচনা হয়। একক সংগীত পরিবেশন করেন শেলু বড়–য়া, অনিকেত আচার্য প্রমুখ। উৎসবে দলীয় সঙ্গীত পরিবেশন করেন উদীচী শিল্পী গোষ্ঠী।

ভাষা সৈনিক আব্দুল মতিন উৎসবে নবান্ন কথন উদ্বোধন করেন। কথনে অংশগ্রহণ করেন কামাল লোহানী, খুশি কবির, অধ্যাপক যতীন সরকার, আশরাফ সিদ্দিকি প্রমুখ।

এরপর চারুকলা থেকে টিএসসি পর্যন্ত এক বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উৎসবে পিঠা--পায়েস, মুড়ি--মুড়কির আয়োজন এক ভিন্ন স্বাদের আমেজ এনে দেয়।     

উৎসবে স্বাগত বক্তব্য পাঠ করেন জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদের আহ্বায়ক শাহরিয়ার সালাম এবং ঘোষণা পাঠ করেন মানজারুল ইসলাম চৌধুরী সুইট।

ঝুমা খন্দকারের একক সঙ্গীতের মধ্য দিয়ে বিকেলে দ্বিতীয় পর্বের সূচনা হয়। অনুষ্ঠানে দলীয় সঙ্গীত পরিবেশন করেন ক্রান্তি ও ঋষিজ শিল্পী গোষ্ঠি। দলীয় নৃত্য পরিবেশন করে খেলাঘর, সুকন্যা ও নৃত্যালোক সংগঠন ।

দলীয় আবৃত্তি এবং বাউল সঙ্গীত ছিলো বিকেলে অনুষ্ঠানের মূল আকর্ষণ।