সুর-নাচের ধারা বদলে দেওয়া গ্যাংনাম স্টাইলের দশকপূর্তি
গানের সুর যেমনই হোক, সেই সুরে ঘোড়ার পিঠে চড়ার মুদ্রায় তুমুল তালে নেচে ঠিক দশ বছর আগে সঙ্গীত জগতে প্রবেশ করেন দক্ষিণ কোরিয়ার এক গায়ক, নাম তার সাই। শোনান ‘ওপ্পা গ্যাংনাম স্টাইল’ লিরিকের গান। যা প্রকাশের পরপরই হাওয়ার বেগে ভাইরাল হয়ে যায় বিশ্বজুড়ে।
সিএনএন বলছে, শুক্রবার গ্যাংনাম স্টাইল ছুঁয়েছে এক দশকের পথ চলার মাইলফলক। কোরীয় ভাষায় ‘গ্যাংনাম স্টাইল’ গানটির মিউজিক ভিডিও ইউটিউবে মুক্তি পায় ২০১২ সালের ১৫ জুলাই। সাই তার ইউটিউব চ্যানেল ‘অফিসিয়াল সাই’ গানটি প্রকাশ করেন।
এটি দক্ষিণ কোরিয়ার সীমা ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মিউজিক ভিডিওতে পরিণত হয়। খুব অল্প সময়েই সাইয়ের ঘোড়ার পিঠে চড়ার অদ্ভুতরে অঙ্গভঙ্গির আদলে নাচ গোটা পৃথিবীতে নতুন ধারা তৈরি করে। ফেইসবুক ব্যবহারকারীদের টাইমলাইন তো বটেই ইউটিউবেও সে বছর দর্শক দখল করে নেয় গ্যাংনাম স্টাইল।
২০১২ সালের সেপ্টেম্বরে বিলবোর্ড হট ১০০-তে উঠে আসে গানটি। দুসপ্তাহ পর উঠে আসে ২-এ। আর ইউটিউবে প্রথম ১০০ কোটি ভিউ পাওয়ার রেকর্ড অর্জন করে।
পপ শিল্পী সাই, যিনি অদ্ভুত নাচের ভঙ্গিতে নিজের দেশে জনপ্রিয় হলেও বাইরের দেশগুলোর কাছে কমই পরিচিত ছিলেন। কিন্তু গ্যাংনাম স্টাইল টিউটিউবে ছাড়ার পর মাত্র সোয়া চার মিনিটের ওই মিউজিক ভিডিও দিয়ে রাতারাতি খ্যাতিতে ডুবে যান এই পপশিল্পী। এক বছরের মধ্যে তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভাঙেন। নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ারে বিশ্বখ্যাত আমেরিকান শিল্পী ম্যাডোনার সঙ্গেও পারফর্মের সুযোগ মেলে।
গ্যাংনাম কী
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি অভিজাত শহর হল গ্যাংনাম। এই শহরের বাসিন্দাদের চাকচিক্যময় বিলাসী জীবনযাপনের ধরনকে বলা হয় ‘গ্যাংনাম স্টাইল’। মূলত ওই বিলাসী জীবনকে ব্যঙ্গ করে কোন গান বাঁধার পরিকল্পনা থেকেই গানটির জন্ম।
কেন এত জনপ্রিয়
জাতিসংঘের সে সময়ের মহাসচিব বান কি মুন থেকে শুরু করে ফিলিপাইনের এক জেলের বন্দিরা পর্যন্ত সবাই আক্রান্ত হন ‘গ্যাংনাম’ জ্বরে। মোটের ওপর অত্যন্ত সাধারণ সুরে বাঁধা এই গানে কি আছে- সেই বিস্ময় শুরু থেকে আজ অবধি সবার ভেতরেই কাজ করেছে। এ নিয়ে বিশ্বের নামকরা কিছু বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি ও গবেষণা বিভাগ গবেষণাও করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন গ্যাংনামের সবচেয়ে শক্তি এর নাচের ভঙ্গি, এতেই এত জয় জয়কার।
জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন গানটিকে আখ্যা দিয়েছিলেন ‘বিশ্বশান্তির একটি শক্তি’ হিসেবে। গ্যাংনামের তালে নেচেছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। গ্যাংনাম বাজিয়ে স্ত্রী মিশেলের সঙ্গে নাচতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও।
ভারতের আইপিএলে গ্যাংনাম স্টাইলে নেচে ক্রিস গেইলও মাতিয়ে তোলেন দর্শকদের। ক্রিকেট তারকারা ছাড়াও টেনিস তারকা নোভাক জোকোভিচ, বক্সার ম্যানি প্যাকুইয়াও, ফুটবলার এদিনসন কাভানি, বলিউডের জীবন্ত কিংবদন্তী অমিতাভ বচ্চন এবং তারকা শাহরুখ খানকেও গ্যাংনাম জ্বরে আক্রান্ত হতে দেখা গেছে। গ্যাংনামের সুরে বহু দেশে প্যারোডি ভিডিও বানানো হয়েছে।
অকল্পনীয় সাফল্য যখন সিউলেই এই গায়কের হাতের মুঠোয় ধরা দিয়েছিল, তখন তার বয়স ৩৫।
গানের ১০ বছর পূর্তির আগে এক সাক্ষণাৎকারে সাই তার জীবনের সেই সময়টিকে জন্মদিন উদযাপনের আনন্দের সঙ্গে তুলনা করেন।
সাই জানান খ্যাতির পিছে হুড়মুড়িয়ে আসে দর্শক প্রত্যাশা এবং সেই আশাভরসা রাখার চাপ। দিন যায় আর মনে হয়, আরও ‘হিট’ গান দিতে হবে।
কোনো শিল্পীর একটা গান যখন হিট হয় তখন ভক্ত অনুরাগীরা ভাবতে থাকেন এই শিল্পী বোধহয় আজীবনই সুপারহিট গান গেয়ে যাবেন। অর্থাৎ তার পা হড়কানোর কোনো সুযোগই নেই। তবে একটি গান যখন হিট হয়, সাধারণত পরেরগুলোও হিট হয়, সাফল্যও মজবুত হয়, সিএনএনকে বলেন সাই।
সাই জানান, গত এক দশক ধরে সঙ্গীত ও নৃত্যশিল্পী হিসেবে নিজেকে ধরে রাখার চেষ্টায় আছেন তিনি।
২০১২ সালের পর থেকে এ পর্যন্ত সাই তিনটি অ্যালবাম প্রকাশ করেছেন। নাচে-গানের কায়দায় প্রতিটি গানই বৈচিত্র্যপূর্ণ। কিন্তু গ্যাংনাম স্টাইলের মতো বিপুল সাফল্য অবশ্য মেলেনি সেগুলোয়।
সাইয়ের নিজের দেশের কনসার্টে এখনও জনজোয়াড় ওঠে। তার বার্ষিক কনসার্ট সিরিজ ‘সামার সোয়াগ’ এখনও চলমান।
সাইয়ের ভাষায়, “শ্রোতাদের সঙ্গে সরাসরি কথা বলা, নানা অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার অভিজ্ঞতা বলে বোঝাতে পারব না। মানুষের ভালোবাসায় আমি গর্বিত।
“আমার লক্ষ্য একটাই, মজার গান ও নাচে ভক্তদের খুশিতে ভাসানো।”
গ্যাংনাম স্টাইল বের হওয়ার পরেরর এক দশকে হাওয়া বদলেছে দক্ষিণ কোরিয়ার সঙ্গীত দুনিয়ায়। আত্মপ্রকাশ ঘটে অন্যান্য ব্যান্ডেরও। ২০২১ সালে বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত মিউজিক্যাল অ্যাক্ট কে-পপ ব্যান্ড বিটিএস। গ্রাম্যিতে পারফর্মও করেছেন। এ ছাড়া এশিয় বিরোধী হেইট ক্রাইম নিয়ে আলোচনা করার জন্র হোয়াইট হাউসে যাওয়ার সুযোগও পেয়েছে বিটিএস।
দেশটির মেয়েদের ব্যান্ড দল ব্ল্যাকপিঙ্ক ইতোমধ্যে কোচেল্লা মিউজিক ফেস্টিভ্যালে পারফর্মও করেছে। লেডি গাগা এবং সেলেনা গোমেজের সঙ্গে গানও করেছেন। ওই ব্যান্ডটির চার সদস্যের প্রত্যেকেই বড় কোনো ব্র্যান্ড বা বিলাসবহুল ফ্যাশন হাউসে শুভেচ্ছদূত হিসেবে যুক্তও আছেন।
কে-পপকে বিশ্বায়নে সহযোগিতা করার জন্য বিটিএস তাদের বহু সাক্ষাৎকারে সাইয়ের নাম নিয়েছে, কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ব্যান্ডের সদস্য সুগা সাইয়ের নতুন অ্যালবামের একক গান ‘দ্যাট দ্যাট’র সহপ্রযোজনা করেছেন।
সাইয়ের ‘দ্যাট দ্যাট’ গানটিও দারুণ টেনেছে ভক্তদের। এই মিউজিক ভিডিওটি ইতোমধ্যে ইউটিউবে ২৭৩ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে।
সুগা বলেন, “সাই কে-পপকে যুক্তরাষ্ট্রে প্রবেশের পথ করে দেন। সেই পথ ধরে তারা (বিটিএস) অনেক সহজে হাঁটতে পারবেন।
আবার বিটিএস নিয়ে প্রশংসায় পঞ্চমুখ সাইও। তাদের সাফল্য নিয়ে সাইয়ের ভাষ্য, “আমি মনে করি অবিশ্বাস্য কীর্তির স্বাক্ষর তারা রাখছে।”
আরও বলেন ২০১২ সালে যে ‘ভারী বোঝা’ তিনি বয়েছেন, গত ছয়-সাত বছর ধরে সেই ‘বোঝার ভার’ ভাগ করে নিয়েছে বিটিএস।
এদিকে সাইয়ের গ্যাংনাম স্টাইলের প্রভাব পড়ে সঙ্গীতের অঙ্গনের বাইরেও। ‘গ্যাংনাম স্টাইলের’ সাফল্যকে বিবেচনা করা হয় ‘কোরিয়ান ওয়েভ’ বা ‘হ্যালিউ’র অন্যতম প্রধান অনুঘটক হিসেবে। সেই নব্বইয়ের দশক থেকে দক্ষিণ করোনিয়ার সরকার সঙ্গীত ও মিডিয়ার মাধ্যমে যে আলাদা পরিচয় তুলে ধরতে চেয়েছিল, ‘গ্যাংনাম স্টাইল’ সেই কাজটি সহজ করে দেয়।
জর্জ মেসন ইউনির্ভাসিটির দক্ষিণ কোরিয়ান ক্যাম্পাসের কে-পপ এবং হ্যালিউতে বিশেষজ্ঞ সাংস্কৃতিক বিষয়ের সহযোগী অধ্যাপক হিউ ট্যাগ লির মতে গ্যাংনাম স্টাইলটি পূর্ব এশিয়ার বাইরে কোরিয়ান পপ সংস্কৃকিকে মূলধারার স্বীকৃতি দিয়েছে।
তিনি আরও জানান, ইউটিবের মতো মিডিয়া প্ল্যাটফর্ম যেমন গানটি ভাইরাল হওয়ায় কে-পপ এবং হ্যালিউ বিদেশের মাটিতে জনপ্রিয় হয়েছে।
