সার্কাসের মূল আকর্ষণ হলেন ভাঁড় বা জোকার। সার্কাস চলাকালে পুরোটা সময় দর্শকদের হাসিয়ে মারার ভার তার ওপর। দি তৃপ্তি সার্কাসে সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে সামলান সাগর। সার্কাস শুরুর আগে নিজেকে নিজে সাজিয়ে নিচ্ছেন তিনি।
তৃপ্তি সার্কাসে জোকারের ভূমিকায় রয়েছেন আরও একজন, মঞ্চে তার পরিচয় ‘বন্ধু’। তবে সহকর্মীরা ডাকেন ‘সেলিম’ নামে। বামন জোকার সেজে পুরোটা সময় নানা ভনিতায় তিনি মাতিয়ে রাখেন দর্শকদের।
সার্কাসে শারীরিক কসরত আর খেলাধুলার সঙ্গে নাচ-গানেরও সন্নিবেশ ঘটানো হয়েছে। দর্শকদের মাতিয়ে তুলতে শুরুতেই ঘাগড়া দুলিয়ে নেচে দেখালেন তৃপ্তি সার্কাসের নৃত্যশিল্পী মৌসুমী।
সার্কাসে নানা কসরতের ফাঁকে ফাঁকে পরিবেশন করা হল আরও কয়েকটি নাচ। কোনটি বাংলা গানের সাথে, কোনোটি আবার হিন্দি গানের তালে।
কাঁচের গ্লাসে পানির মধ্যে জীবন্ত শিং মাছ, সেটা না চিবিয়ে গিলে ফেললেন ওমর পান্ডে! কায়েকটি মাছ একসাথে খেয়ে আবার সেগুলো জীবিত অবস্থায় মুখ দিয়ে বের করে দেখাতেই তুমুল হাতহালি।
ওমরের কসরত শেষ না হতেই সার্কাসের মঞ্চে হাজির ‘বন্ধু’ সেলিম। একই সঙ্গে চললো তার শরীর আর কথার কসরত। লোহার দণ্ডের উপর এক নাগাড়ে চক্কর দিতে দিতে নানা কথায় দর্শকদের হাসিয়ে চললেন।
জোকার সেলিমের পর খেলা দেখাতে এলেন জোকার সাগর। লোহার রডে ঝুলে চক্কর দিয়ে দেখালেন সেলিমের চেয়ে তিনি কম যান না।
সার্কাসের রিঙের মাঝে একটি টেবিল বসিয়ে তার উপর দুটো বালিশ পেতে শুয়ে পড়লেন মিজান। দুপায়ের ওপর একটি লোহার ড্রাম নিয়ে কোনো কিছুর সাহায্যে ছাড়া পা দিয়ে এক নাগাড়ে ঘুরিয়ে ঘুরিয়ে দর্শকদের তাক লাগিয়ে দিলেন।
সার্কাসের রিঙের মাঝে গোল একটি লোহার টেবিলে রোলার স্কেটস পরে খেলা দেখালেন এক শিল্পী। এক শিশুকে দড়িতে বেঁধে অনবরত ঘোরানোই তার খেলা।
সার্কাসের রিঙের মাঝে জাগলিংয়ের দক্ষতা দেখালেন পশাল ও রাজ্জাক। তারা এর প্রশিক্ষণ নিয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে। কখনো তারা একা একা পরিবেশন করেন, কখনো দুজনে মিলে।
তৃপ্তি সার্কাসে খেলা দেখাতে আবার হাজির মিজান। ড্রাম নয়, এবার তার পায়ের ওপর বাঁশ, আর সেই বাঁশের দুই মাথায় সার্কাসের দুই শিশু শিল্পী ঝুলছে। মিজান তার পায়ের সাহায্যে দুই শিশুকে ঘোরাতে শুরু করলেন চরকির মত।
মিজানের খেলা শেষ না হতেই নতুন কসরতের জন্য প্রস্তুত সার্কাসে রিঙ। এবার মিজান একটি লোহার মই ধরে রাখলেন পা দিয়ে, সেই মই বেয়ে উপরে উঠল সার্কাসের এক শিশু শিল্পী।
সার্কাসের একটি রোমহর্ষক আয়োজন হল কাঠের চাকতির মাঝে বেঁধে রাখা মানুষের দিকে চোখ বেঁধে ছুরি নিক্ষেপের খেলা। ছুরি নিক্ষেপ করা হচ্ছে চোখ বাঁধা অবস্থায়, কাঠের চাকতি ঘুরছে। কিন্তু কোন ছুরি চাকতিতে বন্দি মানুষটির শরীরে লাগছে না।