২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মা হওয়ার গুঞ্জনের মধ্যেই রাঁধুনি হওয়ার চেষ্টা ক্যাটরিনার

বলিউডে আবারও কানাঘুষা, ক্যাটরিনা কি সন্তানসম্ভবা? আসলে কোনো শুটিং ফ্লোর, পার্টি এমনকি সোশ্যাল মিডিয়াতেও অনেক দিন ধরে দেখা যাচ্ছে না এই বলিউড নায়িকাকে। তাই আবারও সেই পুরনো গুঞ্জন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2022, 03:19 PM

Updated : 25 Oct 2022, 10:58 AM

তবে টাইমস অব ইনডিয়া জানাচ্ছে, বেশ কিছুদিন ধরে শুটিং না থাকায় ক্যাটরিনা আছেন মুম্বাইয়ে। শ্বশুড়-শাশুড়িসহ পরিবারের সবাইকে নিয়ে সময় কাটাচ্ছেন। রান্না ‘না পারার’ দুর্নাম ঘোঁচাতে আপাতত হেঁশেলেই বেশি সময় দিচ্ছেন।

বলিউড লাইফ ডটকম বলছে, ক্যাটরিনাকে শেষ প্রকাশ্যে দেখা গিয়েছিল মে মাসে, পরিচালক করন জোহরের পঞ্চাশতম জন্মদিনে । স্বামী ভিকি কৌশলকে সঙ্গে নিয়ে শ্বেতশুভ্র পোশাকে জন্মদিনের সেই অনুষ্ঠানে সবার দৃষ্টিও কেড়েছিলেন। এরপর বলিউড দুনিয়ায় বহু অনুষ্ঠান হয়ে গেলেও ক্যাটরিনাকে পাওয়া যায়নি।

ই-টাইম লিখেছে বিয়ের আগে ক্যাটরিনার দৌড় ছিল কফি বানানো পর্যন্ত। এখন মুম্বাইয়ের আন্ধেরির ওবেরয় স্প্রিং অ্যাপার্টমেন্টের রান্নাঘরে অন্য হাওয়া। সকাল-দুপুর-রাতের খাবার বানানোর চেষ্টায় মনোযোগী ক্যাট।

আর ভিকির বাবা-মাও তাদের বউমার হাতের খাবারের স্বাদ নেওয়ার সুযোগ হাতছাড়া করতে চাইছেন না। তারাও আসছেন নিয়মিত। ক্যাটকে যোগাচ্ছেন প্রবল উৎসাহ। পুত্রবধূকে হাতে হাতে সাহায্যও করছেন ভিকির মা।

রাজস্থানে সাতশ বছরের পুরনো এক রাজপ্রাসাদে জমকালো আয়োজনে গত বছরের ডিসেম্বরে বিয়ে করেন ক্যাটরিনা ও ভিকি। এরপর গত মে মাসেও ক্যাটররিনার মা হওয়ার গুজব চাউর হয়েছিল।

বিমানবন্দরে ঢিলেঢালা পোশাকে ক্যাটের ছবি প্রকাশ হলে সেই গুজব যেন ডালপালা মেলে আরও। তবে সেই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন ভিকি।

এদিকে ভক্তরা ইনস্টাগ্রামে ক্যাটরিনাকে খুঁজে খুঁজে হয়রান হচ্ছেন। আলিয়ার পরে এই অভিনেত্রীর ঘরেও নতুন অতিথি আসতে চলেছে কি না সে বিষয়ে জল্পনার জাল বুনেছেন। অনেক ভক্ত আশা করছেন, আর দুদিন বাদেই ১৬ জুলাই ক্যাটরিনা তার জন্মদিনে হাজির হবেন অনুরাগীদের সামনে।

২০১৯ সালে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যাটরিনা কাইফ বলেছিলেন, সন্তান হলে তাদের কীভাবে মানুষ করবেন। বাবা আর মা- দুজনের ভালোবাসাই নিজে দেওয়ার চেষ্টা করবেন। এখন সেই সাক্ষাৎকারটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আবার।