২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সেক্স এডুকেশন’ সিরিজে থাকছেন না তানিয়া রেনল্ডস

নেটফ্লিক্সের আলোচিত সিরিজ ‘সেক্স এডুকেশন’-এ লিলি চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া ব্রিটিশ অভিনেত্রী তানিয়া রেনল্ডসকে এ সিরিজের পরের মৌসুমে পাওয়া যাবে না।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2022, 02:47 PM

Updated : 02 Aug 2022, 11:53 AM

রেডিও টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজেই বলেছেন, চলতি বছরের সেপ্টেম্বরে মুক্তির অপেক্ষায় থাকা সিরিজের চতুর্থ মৌসুমে থাকছেন না তিনি।

এর আগে সিরিজের প্রথম তিন মৌসুমে এলিয়েনপ্রেমী হিসেবে দেখা গেছে লিলিকে; এবারের মৌসুমের চিত্রনাট্যে তার চরিত্রটি নেই।

বিষয়টিকে ‘দুঃখজনক’ হিসেবে বর্ণনা করলেও তা মেনে নেওয়ার কথা জানিয়েছেন তানিয়া রেনল্ডস; বলেছেন, “এই ধরনের শোগুলোতে অনেক চরিত্র ও অভিনয়শিল্পী নিয়ে কাজ করা হয়; শোর স্বাভাবিক অগ্রগতি হিসেবে পুরানো চরিত্রের বদলে নতুন চরিত্রের আগমন ঘটে।”

তার ভাষ্যে, সিরিজের প্রতিটা মুহূর্ত তিনি উপভোগ করেছেন; বারবার লিলি চরিত্রের প্রেমে পড়েছেন।

সিরিজে তার বন্ধু ওলার ভূমিকায় অভিনয় করা প্যাট্রিসিয়া অ্যালিসনও চতুর্থ মৌসুমে অভিনয় করছেন না বলে ক্যাপিটাল এক্সট্রাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন।

রেনল্ডস বর্তমানে তার পরবর্তী কাজ ‘আই হেইট ইউ’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন; সিরিজটি চ্যানেল ফোরে মুক্তি পাবে শুক্রবার।