আয় ভালোই করছে ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’
মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের নতুন সিনেমা ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ গত সপ্তাহান্তে মুক্তি পাওয়ার পর যুক্তরাষ্ট্রের বক্স অফিসে প্রায় ১৫ কোটি ডলার আয় করেছে।
ডিজনির বরাতে রোববার সিএনএন জানায়, সিনেমাটি প্রত্যাশা অনুযায়ীই আয় করেছে এবং শনি ও রোববার উত্তর আমেরিকার বক্স অফিসে আয়ের পরিমাণ ছিল ১৪ কোটি ৩০ লাখ ডলার।
মুক্তি পাওয়ার প্রথম সপ্তাহান্তে বক্স অফিসে আয়ের নতুন রেকর্ড গড়তে না পারলেও মার্ভেল স্টুডিওর আরেকটি মজবুত সূচনাকারী সিনেমা হিসেবেই একে দেখা হচ্ছে।
বক্স অফিসে আয়ে এখনও এগিয়ে আছে মে মাসে মুক্তি পাওয়া ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’।
হলিউড তারকা ক্রিস হেমসওয়র্থ এবং নাটালি পোর্টম্যান অভিনীত ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ মুক্তি পাওয়ার পর রোববার পর্যন্ত বিশ্বজুড়ে ৩০ কোটি ২০ লাখ ডলার আয় করেছে।
আয়ের হিসাবে সিনেমার জন্য ভালো খবর থাকলেও এর দর্শক প্রতিক্রিয়ার বিবেচনায় খবর খুব একটা সুখকর নয়। সিনেমার সাধারণ দর্শক ও সমালোচক- দুই পক্ষ থেকেই নতুন এই সিনেমা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে।
সিএনএন লিখেছে, এ বছর এখন পর্যন্ত মার্ভেলের মুক্তি পাওয়া তিনটি সিনেমা ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’, ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’ ও ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ - কোনটিই দর্শকের কাছ থেকে ‘এ’ স্কোর অর্জন করতে পারেনি।
